ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ভাঙা ঝড়ে ইংল্যান্ডের ১৪৬ রানের ঐতিহাসিক টি-টোয়েন্টি জয়


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৯ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ভাঙা ঝড়ে ইংল্যান্ডের ১৪৬ রানের ঐতিহাসিক টি-টোয়েন্টি জয়

রেকর্ডের এক মহোৎসব দেখল ক্রিকেট বিশ্ব! তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ১৪৬ রানে হারাল দক্ষিণ আফ্রিকাকে, আর তাতেই জমে উঠল ইতিহাসের পাতায় নতুন অধ্যায়।

প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু সেটাই হয়ে গেল ম্যাচের বড় ভুল। ব্যাট হাতে নামতেই ঝড় তুললেন ইংলিশ ওপেনাররা।

ফিল সল্ট খেললেন ৬০ বলে অপরাজিত ১৪১ রানের ইনিংস, যা ছিল বিধ্বংসী এক প্রদর্শনী। তার সঙ্গী জস বাটলার করলেন মাত্র ৩০ বলে ৮৩ রান। মাঝখানে জ্যাকব বেথেল ১৪ বলে ২৬ এবং হ্যারি ব্রুক অপরাজিত ২১ বলে ৪১ রান যোগ করলে নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৩০৪ রান তোলে ইংল্যান্ড।

এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ, আর তৃতীয় দল হিসেবে ৩০০ রানের মাইলফলকও ছুঁলো তারা।

বড় রান তাড়ায় নেমে দক্ষিণ আফ্রিকা শুরুটা ভালো করলেও চাপ সামলাতে পারেনি। মারক্রাম ২০ বলে ৪১ এবং রিকেলটন ১০ বলে ২০ রান করেন। বাকি ব্যাটারদের ইনিংস ছিল টুকরো টুকরো—ত্রিস্তান স্টাবস (২৩), ডোনোভান ফেরেইরা (২৩), ফৌরতিন (৩২)। শেষ পর্যন্ত ১৬.১ ওভারে ১৫৮ রানে অলআউট হয় প্রোটিয়ারা।

ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার নেন ৩ উইকেট, আর স্যাম কারান, ডসন ও উইল জ্যাকস শিকার করেন ২টি করে।

ফিল সল্ট গড়েন ব্যক্তিগত রেকর্ডও—ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি (৩৯ বলে), ভেঙে দেন লিয়াম লিভিংস্টোনের ৪২ বলের রেকর্ড।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এখনও জিম্বাবুয়ের দখলে (গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪), দ্বিতীয় সর্বোচ্চ নেপালের (৩১৪ বনাম মঙ্গোলিয়া)। কিন্তু এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইতিহাস লিখল ইংল্যান্ড, ৩০৪ রানের রেকর্ড গড়ে।