ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এশিয়া কাপে পাকিস্তানের দাপুটে শুরু, স্পিন ঝড়ে ওমানকে ৯৩ রানে উড়িয়ে দিল সালমানের দল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৯ পিএম

এশিয়া কাপে পাকিস্তানের দাপুটে শুরু, স্পিন ঝড়ে ওমানকে ৯৩ রানে উড়িয়ে দিল সালমানের দল

এশিয়া কাপে স্বপ্নের মতো শুরু করল পাকিস্তান। স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে ওমানকে ৯৩ রানে হারিয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সহজ জয় তুলে নিয়েছে সালমান আলী আগার দল।

শুক্রবার দুবাইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। মোহাম্মদ হারিসের ঝড়ো ফিফটির ওপর ভর করে তারা ৭ উইকেটে ১৬০ রান তোলে। জবাবে ব্যাট হাতে একেবারেই ভেঙে পড়ে ওমান। মাত্র ১৬ ওভার ৪ বল খেলেই ৬৭ রানে অলআউট হয় আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ২০ নম্বরে থাকা দলটি।

ম্যাচসেরা হন হারিস। তিনি খেলেছেন ৪৩ বলে ৭ চার ও ৩ ছক্কার সাহায্যে ৬৬ রানের ইনিংস। পাকিস্তানের বোলারদের মধ্যে স্পিনাররা নিয়েছেন ৭ উইকেট, আর বাকি ৩টি গেছে পেসারদের ঝুলিতে।

গ্রুপে ওমান ছাড়াও আছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। তাই ভারত ও পাকিস্তানের সুপার ফোরে ওঠা নিয়ে কোনো শঙ্কাই নেই। পাকিস্তান ৪.৬৫০ নেট রানরেটে এখন দুই নম্বরে, শীর্ষে আছে ভারত। তারা আগের ম্যাচে আমিরাতকে উড়িয়ে দিয়েছিল বিশাল ১০.৪৮৩ নেট রানরেটে।

পাকিস্তানের ইনিংস শুরুটা অবশ্য ভালো হয়নি। দ্বিতীয় বলেই শূন্য রানে ফেরেন সাইম আইয়ুব। তবে দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহান ও হারিস গড়ে তোলেন ৮৫ রানের দারুণ জুটি। ফারহান ২৯ রান করে আউট হলে ভাঙে সেই জুটি। এরপর দ্রুত বিদায় নেন হারিস (৬৬) ও অধিনায়ক সালমান। একই ওভারে আমির কালিম তুলে নেন এই দুই উইকেট।

শেষ দিকে ফখর জামান (২৩*) ও মোহাম্মদ নাওয়াজের (১৯) ছোট কিন্তু কার্যকর ইনিংসে বড় সংগ্রহ পায় পাকিস্তান।

ওমানের রান তাড়া ভেঙে দেয় সাইম আইয়ুবের আগুনে বোলিং। তিনি প্রথম ২৪ রানের মধ্যেই তুলে নেন দুই ওপেনারের উইকেট। এরপর হাম্মাদ মির্জা ও মোহাম্মদ নাদিম চেষ্টা করলেও দলকে টেনে নিতে পারেননি। পাওয়ারপ্লে শেষে ভেঙে যায় তাদের প্রতিরোধ। নাদিমকে মাত্র ৩ রানে ফেরান সুফিয়ান মুকিম।

৬ ওভার ৩ বল শেষে ওমানের স্কোর ছিল ৩ উইকেটে ৪১। এরপর আর টিকতে পারেনি দলটি। মাত্র ১০ রান যোগ করতে হারায় আরও ৬ উইকেট। শেষ উইকেটে ১৬ রানের জুটি কেবল পরাজয়ের ব্যবধানই কমায়।