ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ওমানকে উড়িয়ে হুঙ্কার পাকিস্তানের, এশিয়া কাপে ভারতকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিল সালমান আগা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৯ পিএম

ওমানকে উড়িয়ে হুঙ্কার পাকিস্তানের, এশিয়া কাপে ভারতকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিল সালমান আগা

আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের অন্যতম হাই-ভোল্টেজ লড়াইকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। কাগজে-কলমে ও শক্তিতে এগিয়ে আছে সূর্যকুমার যাদবের ভারত। বিশেষজ্ঞরাও ভারতকেই ফেভারিট মানছেন। কিন্তু ওমানকে ৯৩ রানে হারানোর পর পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন, “আমরা যে কোনো দলকে হারাতে পারি।”

এশিয়া কাপের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে পাক অধিনায়ক আরও বলেন, “গত ২-৩ মাস ধরে আমরা দুর্দান্ত ক্রিকেট খেলছি। ত্রিদেশীয় সিরিজ জিতেছি, এখানেও সহজে প্রথম ম্যাচ জিতলাম। এখন আমাদের লক্ষ্য ধারাবাহিকভাবে ভালো খেলা। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে কোনো দলই আমাদের সামনে টিকতে পারবে না।”

যদিও সরাসরি ভারতের নাম নেননি তিনি, তবে ক্রিকেটবিশ্বের অনেকে মনে করছেন—তার বার্তাটা মূলত ভারতকেই উদ্দেশ্য করে দেওয়া।

পাকিস্তান সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতেছে। তবে ভারতের বিপক্ষে ম্যাচটা একেবারেই আলাদা। ভারতীয়রা বিষয়টি নিয়ে বাড়তি উত্তেজনা দেখাচ্ছে না।

ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক বলেছেন, “বোর্ড সরকারের নির্দেশ মতো সবকিছু চালাচ্ছে। আমরা শুধু খেলার ওপর মন দিচ্ছি। ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই ইন্টারেস্টিং হয়, এবারও তাই হবে।”