ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হরভজন সিংয়ের চমকপ্রদ মন্তব্য, বললেন ভারতকে হারানোর সামর্থ্য অন্য কোনো দলের নেই


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ পিএম

হরভজন সিংয়ের চমকপ্রদ মন্তব্য, বললেন ভারতকে হারানোর সামর্থ্য অন্য কোনো দলের নেই

এশিয়া কাপ মানেই ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা। রোববার (১৪ সেপ্টেম্বর) মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ইতোমধ্যেই দুই দেশের সমর্থকরা সরগরম, আর সাবেক ক্রিকেটাররা দিচ্ছেন একের পর এক মন্তব্য।

এর মধ্যে ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং দিয়েছেন এক বিস্ফোরক মন্তব্য। তার মতে, বর্তমান সময়ে এশিয়া কাপে ভারতকে হারানোর মতো সামর্থ্য কারও নেই।

হরভজন সরাসরি বলেছেন— “যদি এমন কোনো দল থাকে যারা ভারতকে হারাতে পারে, সেটা ভারতীয় দলই। বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা না থাকলেও, আমাদের দলে প্রতিভার অভাব নেই। ভারত এখন অনেক শক্তিশালী দল।”

রাজনৈতিক উত্তেজনার কারণে বহুদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত ও পাকিস্তান। বিশ্বকাপ বা এশিয়া কাপ ছাড়া দুই দেশের লড়াই দেখা যায় না। সাম্প্রতিক সংঘাতের পর এবারই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে তারা। স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে।

হরভজন আরও বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় আলোচনার কেন্দ্রে থাকে। তবে 'অপারেশন সিঁদুর'-এর পর সবাই বলেছিল ক্রিকেট ও বাণিজ্য— দুটোই বন্ধ থাকা উচিত। আমরা ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এ খেলেছিলাম, কিন্তু পাকিস্তানের বিপক্ষে খেলিনি।”

ক্রিকেটের বাইরেও দুই দেশের সম্পর্কের গুরুত্বের কথা উল্লেখ করেন তিনি। তার মতে, “প্রতিটি মানুষের নিজস্ব মত থাকতে পারে। কিন্তু সম্পর্ক ভালো না হলে ক্রিকেট বা বাণিজ্য কোনোটাই হওয়া উচিত নয়। সরকার অনুমতি দিলে সেটা আলাদা ব্যাপার, তবে মূল বিষয় হলো সম্পর্ক উন্নয়ন।”

হরভজনের এই মন্তব্য শুধু ভারতীয় সমর্থকদের নয়, গোটা ক্রিকেটবিশ্বের মধ্যেই আলোচনার ঝড় তুলেছে। এখন দেখার বিষয়, পাকিস্তান কি মাঠে হরভজনকে ভুল প্রমাণ করতে পারবে, নাকি তার কথার মতো আবারও ভারতই প্রমাণ করবে কেন তারা এশিয়ার অপ্রতিরোধ্য শক্তি।