এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ধস সামলেও লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। শামীম হোসেন ও জাকের আলীর দারুণ ব্যাটিংয়ে লঙ্কানদের সামনে দিয়েছে ১৪০ রানের চ্যালেঞ্জ।
শুরুতেই ব্যাটিং বিপর্যয়
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বাংলাদেশ হারায় ওপেনার তানজিদ হাসানকে। নুয়ান থুশারার বলে বোল্ড হয়ে তিনি ফেরেন শূন্য রানে। দ্বিতীয় ওভারে শূন্যতেই বিদায় নেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন, তাকে ফেরান দুশমন্থ চামিরা। ইনিংসের প্রথম রান আসে ১৪তম বলে গিয়ে।
হৃদয়ের ভুলে রানআউট
চাপ বাড়ান তাওহীদ হৃদয়ও। থুশারার ওভারে অযথা রান নেওয়ার চেষ্টা করে রানআউট হন মাত্র ৮ রানে। এর আগেই তিনি জীবন পেয়েছিলেন, তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।
শামীম-জাকেরের লড়াই
শুরুর ধাক্কা সামলে শামীম হোসেন ও জাকের আলীর ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাদের ঝড়ো ইনিংসে স্কোরবোর্ড পৌঁছায় ১৪০-এ।
টস ও একাদশ
আবু ধাবিতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। লিটন দাস জানিয়েছেন, সুযোগ পেলে তিনিও আগে ব্যাটিং নিতেন।
বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন— তাসকিন আহমেদের বদলে খেলছেন শরিফুল ইসলাম। অন্যদিকে, লঙ্কানরা নামিয়েছে তিন অলরাউন্ডার— দাশুন শানাকা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।