ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নেতানিয়াহু বললেন: কাতারে থাকা হামাস নেতা সরালে গাজার যুদ্ধবিরতি ও বন্দিদের মুক্তি সহজ হবে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৯ পিএম

নেতানিয়াহু বললেন: কাতারে থাকা হামাস নেতা সরালে গাজার যুদ্ধবিরতি ও বন্দিদের মুক্তি সহজ হবে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, কাতারে অবস্থানরত হামাসের শীর্ষ নেতাদের সরিয়ে দিলে গাজার সব জিম্মি মুক্তি এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার পথে প্রধান বাধা দূর হবে। এই মন্তব্য তিনি শনিবার (১৩ সেপ্টেম্বর) করেছেন।

এর আগে ইসরায়েল কাতারের রাজধানী দোহা-তে হামাসের নেতৃত্বকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার, যা দীর্ঘদিন ধরে গাজার যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে।

হামাস জানিয়েছে, এই হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন নির্বাসিত গাজার নেতা খালিল আল–হায়ার ছেলে। তবে হামাসের শীর্ষ নেতৃত্ব এবং আলোচক দলের অন্যান্য সদস্যরা বেঁচে গেছেন। কাতার জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও নিহত হয়েছেন।

হামাসের দাবি, দোহায় হামলা চালিয়ে যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে দিতে চাচ্ছে ইসরায়েল। তবে তারা জানাচ্ছে, এই হামলা গাজা যুদ্ধ শেষ করার শর্তে কোনো প্রভাব ফেলবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেতানিয়াহু লিখেছেন,
“কাতারে থাকা হামাসের ‘সন্ত্রাসী’ নেতারা গাজার জনগণের প্রতি কোনো তোয়াক্কা করেন না। তাঁরা সব যুদ্ধবিরতির প্রচেষ্টা আটকে দিয়েছেন; যেন যুদ্ধকে অনন্তকাল টেনে নেওয়া যায়।”

ইসরায়েল আরও দাবি করেছে, যুদ্ধ শেষ করতে হলে হামাসকে বাধ্যতামূলকভাবে সব জিম্মিকে মুক্তি দিতে এবং অস্ত্র সমর্পণ করতে হবে। তবে হামাস বলছে, ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি ছাড়া তারা কোনো জিম্মি মুক্তি দেবে না এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়বে না।