ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিসিবি নির্বাচন ৪ অক্টোবর: ভোটার তালিকা, মনোনয়ন জমা ও ফল ঘোষণার সময়সূচি প্রকাশ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৯ পিএম

বিসিবি নির্বাচন ৪ অক্টোবর: ভোটার তালিকা, মনোনয়ন জমা ও ফল ঘোষণার সময়সূচি প্রকাশ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) মিরপুরে প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন এবং কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বৈঠক শেষে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের বলেন, “অক্টোবরে যে নির্বাচন হবে, তার সব প্রক্রিয়া ধাপে ধাপে এগোচ্ছে। আমরা তিনজন নির্বাচন কমিশনার পেয়েছি, তারা দায়িত্ব নিয়েছেন। আজ মূলত প্রক্রিয়া ও সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”

সূত্র জানায়, ২০ সেপ্টেম্বর ভোটারদের খসড়া তালিকা প্রকাশ হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক কার্যক্রম।

২১ সেপ্টেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

২২ ও ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিক্রি হবে।

২৫ সেপ্টেম্বর জমা দেওয়া যাবে মনোনয়নপত্র।

২৬ সেপ্টেম্বর বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ হবে।

২৭ সেপ্টেম্বর নির্ধারিত আপিল ও শুনানি অনুষ্ঠিত হবে।

২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

৪ অক্টোবর হবে ভোটগ্রহণ ও প্রাথমিক ফল প্রকাশ।

৫ অক্টোবর আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে।

বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে আলোচিত এই নির্বাচনে কারা জয়ী হবেন, সেটিই এখন ক্রিকেটপ্রেমীদের প্রধান কৌতূহল।