ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াইয়ের আগে ওয়াসিম আকরামকে ঘিরে সঞ্জয় মাঞ্জরেকারের বিস্ফোরক মন্তব্য!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৯ পিএম

এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াইয়ের আগে ওয়াসিম আকরামকে ঘিরে সঞ্জয় মাঞ্জরেকারের বিস্ফোরক মন্তব্য!

পাকিস্তান মানেই বিশ্বসেরা পেস বোলারদের আঁতুড়ঘর। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার—তালিকাটা বেশ দীর্ঘ। তবে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান শুধু পেসেই নয়, স্পিনেও দারুণ শক্তি গড়ে তুলেছে। এ নিয়েই মজার খোঁচা দিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার।

তিনি বলেছেন, পাকিস্তানের স্পিন বিপ্লব কিংবদন্তি ওয়াসিম আকরামের ভালো নাও লাগতে পারে। তবে ভারতীয় ব্যাটিং লাইনআপের জন্য এই নতুন আক্রমণ বেশ বড় চ্যালেঞ্জ হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন মাঞ্জরেকার।

পাকিস্তানের স্পিন আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন,
"আমি এই বোলিং লাইনআপ ভীষণ পছন্দ করি কারণ এটি ভিন্ন ধরণের। ভারতীয়রা এর আগে পাকিস্তানের বিপক্ষে বিশ্বমঞ্চে খেলেছে, কিন্তু সেটি ছিল পেস-ভিত্তিক আক্রমণ। এবার স্পিনই তাদের প্রধান অস্ত্র। ওয়াসিম আকরাম হয়তো এতে একটু ক্ষুব্ধ হবেন।"

রাজনৈতিক টানাপোড়নের মধ্যেই দুবাইয়ে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। সবশেষ দুই ম্যাচে প্রতিপক্ষকে ৭০ রানের মধ্যে আটকে রাখা পাকিস্তানি বোলারদের সামনে আজ বড় পরীক্ষা ভারতের তারকাখচিত ব্যাটিং লাইনআপ।

শেষ দুই ম্যাচে পাকিস্তানি স্পিনাররা নিয়েছেন ১৫ উইকেট। ত্রিদেশীয় সিরিজে সর্বোচ্চ ১০ উইকেট নিয়ে ফর্মে আছেন মোহাম্মদ নওয়াজ। তার সঙ্গে আবরার আহমেদ ও সুফিয়ান মুকিমও আছেন দুর্দান্ত ছন্দে। বাড়তি ভরসা জোগাচ্ছেন পার্টটাইম বোলার সাইম আইয়ুব ও সালমান আলী আঘা।

সাইমকে বিশেষভাবে ব্যবহার করার কৌশল নিয়েও মাঞ্জরেকার প্রশংসা করেছেন পাকিস্তান কোচ মাইক হেসনের। তিনি বলেন,
"অতীতে সাইমকে খুব একটা বল করতে দেখিনি। কিন্তু হেসনের অধীনে প্রায় প্রতিটি ইনিংসেই তাকে ব্যবহার করা হচ্ছে। এটি নতুন এপ্রোচের ইঙ্গিত এবং দেখতে দারুণ উত্তেজনাপূর্ণ যে পাকিস্তান নতুন কিছু চেষ্টা করছে।"