এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম
এশিয়া কাপে প্রথম জয় পেল সংযুক্ত আরব আমিরাত। আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে তারা ওমানকে ৪২ রানে হারিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে।
ম্যাচ জিততে হলে শুরুটা ভালো দরকার ছিল ওমানের। কিন্তু ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাওয়ার প্লেতে ব্যাটিং ধসের শিকার হয় তারা। স্কোরবোর্ডে চাপ বাড়তে থাকে, আর সেখান থেকেই আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।
অবশেষে ওমান থামে ১৩০ রানে অলআউট হয়ে, দেখতে হয় টানা দ্বিতীয় পরাজয়।
ওমানের ব্যাটিংয়ে ছোট ছোট কিছু ইনিংস ছাড়া তেমন লড়াই ছিল না। যতিন্দর সিং (২০), আরিয়ান বিস্ট (২৪) ও বিনায়ক শুক্লা (২০) কিছুটা চেষ্টা করলেও দলের হার আটকাতে পারেননি। আমিরাতের হয়ে বল হাতে সেরা ছিলেন জুনাঈদ সিদ্দিকী, তিনি মাত্র ২৩ রান খরচায় নেন ৪ উইকেট।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে আমিরাত তোলে ৫ উইকেটে ১৭২ রান। ব্যাট হাতে জ্বলে ওঠেন দুই ব্যাটার—
অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম খেলেন দারুণ এক ইনিংস, ৬ চার ও ৩ ছক্কায় করেন ৬৯ রান।
তার ওপেনিং পার্টনার আলিশান শরাফু মারেন ৭ চার ও ১ ছক্কা, মাত্র ৩৮ বলে করেন ৫১ রান।
তাদের জোড়া ফিফটিতেই ভর করে নিরাপদ সংগ্রহ গড়ে আমিরাত, যা শেষ পর্যন্ত ওমানের জন্য অনেক বড় হয়ে দাঁড়ায়।
এই জয়ে এশিয়া কাপে নতুন করে আত্মবিশ্বাস পেল স্বাগতিক দল। অন্যদিকে টানা পরাজয়ে চাপে পড়লো ওমান।