এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম
লড়াই করেছে হংকং, তবে শেষ হাসি হাসলো শ্রীলঙ্কা। এশিয়া কাপে জমজমাট ম্যাচে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে লঙ্কানরা। হংকংয়ের দেওয়া ১৪৯ রানের লক্ষ্য ৭ বল হাতে রেখেই টপকে গেছে শ্রীলঙ্কা। শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গার ঝড়ো ইনিংস লঙ্কানদের জয়ের নায়ক হয়ে ওঠে।
এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো জয় পেল শ্রীলঙ্কা এবং ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিলো তারা।
হংকংয়ের সংগ্রাম, শ্রীলঙ্কার রান তাড়া
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল হংকং। ওপেনার জিশান আলী ও অংশুমান রাঠ মাত্র ২৯ বলে ৪১ রানের জুটি গড়ে দলকে এগিয়ে দেন। তবে ১৭ বলে ২৩ রান করে জিশান ফিরতেই ভাঙে ওপেনিং জুটি।
তিন নম্বরে নেমে বাবর হায়াত দ্রুত আউট হলেও নিজাকাত খান ও রাঠ মিলে দলকে সামলান। তারা ৪৩ বলে যোগ করেন ৬১ রান। হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে ৪৮ রানেই বিদায় নেন রাঠ। অন্যপ্রান্তে নিজাকাত খান দারুণ ব্যাটিং চালিয়ে যান।
শেষ পর্যন্ত ৩৮ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৫২ রান করে হংকংকে ৪ উইকেটে ১৪৯ রানে পৌঁছে দেন তিনি।
নিশাঙ্কা-পেরেরার জুটি, হাসারাঙ্গার ঝড়
লক্ষ্য তাড়ায় নামা শ্রীলঙ্কা ২৬ রানেই হারায় কুশল মেন্ডিসকে। তবে কামিল মিশ্রা ও পাথুম নিশাঙ্কা ইনিংস গুছিয়ে নেন। মিশ্রা আউট হলেও একপ্রান্ত আগলে রেখে হাফ-সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা।
নিশাঙ্কা খেলেন ৪৪ বলে ঝকঝকে ৬৮ রানের ইনিংস। তাকে ভালো সাপোর্ট দেন কুশল পেরেরা, যিনি ১৬ বলে ২০ রান করেন। দু’জনে মিলে ৩৪ বলে যোগ করেন ৫৭ রান। তবে এই দুজন ফিরতেই ম্যাচে আবারো চাপ বাড়ে শ্রীলঙ্কার ওপর।
শেষ মুহূর্তে নায়ক হয়ে আসেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। মাত্র ৯ বলে ২০ রানের ক্যামিও খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।