এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম
ভারত-পাকিস্তান ম্যাচের পর থেকেই হ্যান্ডশেক নিয়ে চলছে তুমুল বিতর্ক। টসের সময় এবং ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা হাত মেলালেন কি না—এই নিয়েই উত্তপ্ত আলোচনা। প্রাক্তন ক্রিকেটাররাও মত দিচ্ছেন একের পর এক। তবে সবসময় সোজাসাপ্টা মন্তব্যের জন্য পরিচিত সৌরভ গাঙ্গুলি এবার কিছুটা ভিন্ন পথে হাঁটলেন।
নিজের নতুন ফ্যাশন ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যখন তাঁকে এই বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়, দাদা বেশ কৌশলী জবাব দিলেন। সৌরভ বলেন, “এ ব্যাপারে সূর্যকুমার যাদবকেই জিজ্ঞাসা করা উচিত। ও উত্তরও দিয়েছে। প্রত্যেকের নিজস্ব মতামত থাকতেই পারে।”
এখানেই থামেননি তিনি। সম্প্রতি দ্বিতীয়বারের জন্য সিএবি সভাপতি হওয়া সৌরভ স্পষ্ট জানিয়ে দিলেন—খেলাধুলো নয়, বন্ধ হওয়া উচিত সন্ত্রাস। তাঁর ভাষায়, “সন্ত্রাস সবার আগে বন্ধ হওয়া দরকার। শুধু ভারত বা পাকিস্তান নয়, গোটা বিশ্বেই এটা জরুরি। খেলাধুলো তো থামানো যায় না।”
ম্যাচের ফলাফলেও খুশি নন দাদা। জানালেন, ১৫ ওভারের পর তিনি খেলা দেখা বন্ধ করে দেন। তাঁর কথায়, “যা দেখেছি তাতে অবাক হইনি। পরে আমি ম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যানচেস্টার সিটির খেলা দেখতে বসি।”
এছাড়া ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সৌরভের বক্তব্য বেশ চমকপ্রদ। তাঁর মতে, এখন আর দুই দলের মধ্যে আগের মতো লড়াই হয় না। দাদা বলেন, “ভারতের বিরুদ্ধে যদি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড বা নিউজিল্যান্ড খেলে, তখন খেলা জমে। শুধু পাকিস্তান নয়, এই এশিয়া কাপে সব দলের চেয়ে ভারত অনেক এগিয়ে। মাঝে মধ্যে হারতেই পারে, কিন্তু বাকি সময় জিতবেই ভারত।”