এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম
এশিয়া কাপে আবারও বিতর্ক। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের বিরুদ্ধে আগেই আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিল পাকিস্তান। এবার আরও একধাপ এগিয়ে তারা জানালো—দাবি মানা না হলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পরবর্তী ম্যাচে নামবেই না পাকিস্তান দল।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ইতোমধ্যেই লিখিত অভিযোগে এই বিষয়টি উল্লেখ করেছে। এখন নজর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির দিকে, যিনি একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। তিনি নিজ দলের পক্ষে দাবি মানাতে পারেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন।
ভারত-পাকিস্তান ম্যাচের পর থেকেই বিতর্ক
সাম্প্রতিক ভারত-পাকিস্তান ম্যাচে বেশ কয়েকটি ঘটনা ক্ষোভ তৈরি করেছে পাকিস্তানের ভেতরে। টসে পাকিস্তান অধিনায়ক সালমান আঘাকে এড়িয়ে যান সূর্যকুমার যাদব। ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় ড্রেসিংরুমের দরজাও বন্ধ করে দেওয়া হয়।
এছাড়া পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন কিংবা সৌজন্য বিনিময় করেননি ভারতীয়রা। প্রতিবাদে পাকিস্তান অধিনায়ক সালমান পুরস্কার বিতরণী অনুষ্ঠানই বয়কট করেন।
পিসিবির অভিযোগ ও পদক্ষেপ
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমরা আইসিসির কাছে গিয়েছি। ম্যাচ রেফারির আচরণবিধি ভঙ্গ হয়েছে, এমসিসির নিয়ম লঙ্ঘন হয়েছে। এশিয়া কাপ থেকে অ্যান্ডি পাইক্রফ্টকে অবিলম্বে সরানোর দাবি জানাচ্ছি।”
পাকিস্তানের অভিযোগ, ভারতের আচরণ খেলোয়াড়সুলভ মানসিকতার পরিপন্থী। প্রথমে মৌখিকভাবে জানালেও পরে তারা এসিসি ও আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে।
রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন
তবে পাকিস্তানের অভিযোগ কার্যকর হবে কি না তা নিয়ে সন্দেহ আছে। কারণ আগেই পাক বোর্ড জানিয়েছিল, টসের সময় ম্যাচ রেফারিই নাকি অধিনায়ক সালমানকে সূর্যকুমারের সঙ্গে করমর্দন না করতে বলেন।
যদি তাই হয়, তবে পাইক্রফ্ট নিজ রিপোর্টে ভারতের বিরুদ্ধে কিছুই লিখবেন না। আর ম্যাচ-পরবর্তী সিদ্ধান্তে রেফারির রিপোর্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলে পাকিস্তানের এই দাবির সাফল্য নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
ম্যাচ শেষে ঘটনাপ্রবাহ
খেলা শেষে সূর্যকুমার যাদব ও শিবম দুবে সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান। এমনকি আম্পায়ারদের সঙ্গেও করমর্দন করেননি তারা। এই ঘটনাও নতুন করে বিতর্ককে উসকে দিয়েছে।