এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম
এশিয়া কাপের গ্রুপপর্বে আজ মাঠে নামছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিদের জন্য এটাই শেষ ম্যাচ, আর প্রতিপক্ষ আফগানিস্তান। সমীকরণ স্পষ্ট—জিততেই হবে, নইলে বিদায় নিশ্চিত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আবুধাবিতে শুরু হবে এই হাই-ভোল্টেজ ম্যাচ। দুই দলই টুর্নামেন্ট শুরু করেছিল হংকংয়ের বিপক্ষে জয়ে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে পরিস্থিতি জটিল করে ফেলেছে বাংলাদেশ।
এখন সুপার ফোরে খেলতে হলে শুধু রশিদ খানের আফগানিস্তানকে হারালেই হবে না, সাথে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কার হারের জন্যও। যদি আজ বাংলাদেশ হেরে যায়, তবে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হবে লিটন দাসের দলকে।
বর্তমানে পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কা দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আফগানিস্তান। আর ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ। সমস্যা হলো—নেট রানরেটে অনেকটাই পিছিয়ে আছে টাইগাররা।
একাদশে পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। শোনা যাচ্ছে, তাওহীদ হৃদয়ের জায়গায় আসতে পারেন অলরাউন্ডার সাইফ হাসান। লেগ স্পিনার রিশাদ হোসেনের পরিবর্তে দেখা যেতে পারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। আর পেস বোলিংয়ে শরিফুল ইসলামের পরিবর্তে মাঠে নামতে পারেন তাসকিন আহমেদ।
সব মিলিয়ে আজকের ম্যাচটাই নির্ধারণ করবে, এশিয়া কাপে বাংলাদেশের স্বপ্ন এখানেই শেষ হবে নাকি সুপার ফোরে খেলার লড়াই বাঁচিয়ে রাখবে টাইগাররা।