এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৯ পিএম
এশিয়া কাপ নিয়ে প্রথমে হুমকি, পরে নাটক— অবশেষে অবস্থান পাল্টাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের সঙ্গে হ্যান্ডশেক বিতর্কের পর টুর্নামেন্ট বয়কটের কথা ভাবলেও, আইসিসির কড়া সতর্কতায় শেষমেশ পিছু হটেছে তারা।
নির্বাসনের ভয়ে পিছিয়ে গেল পিসিবি
পাক বোর্ডের এক সূত্র জানিয়েছে, “এশিয়া কাপ থেকে সরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। যদি তাই করি, তাহলে জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি আমাদের নির্বাসন দিতে পারে। সেটা আমরা একেবারেই চাই না।”
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্টেডিয়াম সংস্কারে বিপুল অর্থ ব্যয় করেছে পাকিস্তান। বর্তমানে তাদের আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয়। তাই বড় কোনো ঝুঁকি নিতে পারছে না পিসিবি।
হ্যান্ডশেক নিয়ে বিতর্ক
ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে প্রতিপক্ষ সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলাতে নির্দেশ দেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট— এমন অভিযোগ তোলে পিসিবি। এরপরই তারা আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়।
পিসিবির দাবি, এটি আইসিসির কোড অফ কন্ডাক্ট ভঙ্গ। তাই পাইক্রফটকে সরানোর দাবি জানানো হয়।
আইসিসির কঠোর জবাব
কিন্তু আইসিসি বিষয়টি একেবারেই আমলে নেয়নি। বরং পিসিবিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, পাইক্রফট ২০০৯ সাল থেকে এলিট প্যানেলের সদস্য, এবং বহু বড় ম্যাচে দায়িত্ব পালন করেছেন। ফলে তাকে সরানোর কোনো প্রশ্নই ওঠে না।
তাদের আরও জানানো হয়, যদি পাকিস্তান সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষে না খেলে, তাহলে সরাসরি এশিয়া কাপ থেকে বাদ পড়বে তারা। সম্ভবত এ কারণেই শেষমেশ নরম সুরে ফিরে আসে পিসিবি।