ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

করমর্দন বিতর্কে মুখ খুললেন গাভাস্কার, বললেন ক্রীড়া-রাজনীতি কখনোই আলাদা ছিল না


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৯ পিএম

করমর্দন বিতর্কে মুখ খুললেন গাভাস্কার, বললেন ক্রীড়া-রাজনীতি কখনোই আলাদা ছিল না

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন না করা নিয়ে তোলপাড় চলছে ক্রিকেট দুনিয়ায়। এবার এ বিতর্কে মুখ খুললেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

সালমানের প্রতি কড়া সমালোচনা

ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তান দলের সঙ্গে হাত মেলাননি। এরপর ক্ষুব্ধ হয়ে ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় অংশ নেননি পাকিস্তান অধিনায়ক সালমান আলি। গাভাস্কার এ আচরণের তীব্র সমালোচনা করে বলেন,
“লোকেরা জয়ী অধিনায়কের কথা শুনতে চেয়েছিল, পরাজিত অধিনায়কের অজুহাত নয়।”

হাত মেলানো বাধ্যতামূলক নয়

দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত ৭ উইকেটে হারায় পাকিস্তানকে। এর পর থেকেই করমর্দন ইস্যু বড় বিতর্কে রূপ নেয়। এ বিষয়ে গাভাস্কার বলেন,
“হাত মেলানো কোনো বাধ্যতামূলক নিয়ম নয়। যদি কেউ না করতে চায়, তবে সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।”

তিনি আরও যোগ করেন, “মাঠে অনেক সময় গালাগালি বা বাজে কথা শোনা যায়। তখন সবাইকেই গিয়ে হাত মেলাতে হবে— এমন কোনো নিয়ম নেই।”

খেলা ও রাজনীতি কখনোই আলাদা নয়

খেলাকে রাজনীতি থেকে আলাদা করার প্রশ্নে গাভাস্কারের স্পষ্ট মন্তব্য,
“ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না। ইতিহাসের দিকে তাকালেই এর প্রমাণ মিলবে। তাই এই নিয়ে আমি কাউকে দোষ দিতে চাই না।”

তিনি এটাও পরিষ্কার করেন যে, রাজনৈতিক জটিলতা নিয়ে আলোচনায় তিনি যেতে চান না, তবে খেলোয়াড়রা চাইলে নিজেদের অধিকারে হাত মেলাতে অস্বীকৃতি জানাতে পারেন।

বড় বিতর্কে রূপ নিয়েছে ঘটনা

করমর্দন বিতর্ক এখন ক্রিকেটের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যেই আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে এবং ম্যাচ রেফারিকে সরানোর দাবি জানিয়েছে।