এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম
সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. শায়খ সালেহ বিন হুমাইদ। পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের প্রয়াণের পরই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার সৌদি আল-হারাম কর্তৃপক্ষের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগের আগে তিনি মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’ পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন।
শায়খ সালেহ বিন হুমাইদ সৌদি আরবের অন্যতম শীর্ষস্থানীয় আলেম। তিনি বিচারক, শিক্ষাবিদ এবং ইসলামি চিন্তাবিদ হিসেবে সুপরিচিত।
ড. সালেহ ১৯৯৩ সাল থেকে সৌদি মজলিস আল শুরার (পরামর্শদাতা পরিষদ) সদস্য এবং ফেব্রুয়ারী ২০০২ থেকে ফেব্রুয়ারী ২০০৯ পর্যন্ত মজলিস আল শুরার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি মক্কার মসজিদ আল-হারামের ইমাম। এছাড়া মক্কার আরবি ভাষা একাডেমির সদস্য ও জেদ্দায় আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সভাপতি। ২০১৬ সালে কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার থেকে তিনি ‘সার্ভিস টু ইসলাম’ পুরস্কারও জিতেছেন।