ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

তেহরানে রজব তাইয়্যেব এরদোগান; আসছেন ভ্লাদিমির পুতিন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ জুলাই, ২০২২, ০১:০৭ পিএম

তেহরানে রজব তাইয়্যেব এরদোগান; আসছেন ভ্লাদিমির পুতিন

তেহরানে রজব তাইয়্যেব এরদোগান; আসছেন ভ্লাদিমির পুতিন

‘সিরিয়া শান্তি প্রক্রিয়া’ নিয়ে ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। ইরান, তুরস্ক ও রাশিয়ার উদ্যোগে অনুষ্ঠিত ‘আস্তানা শান্তি প্রক্রিয়ার’ মাধ্যমে সিরিয়ার প্রায় এক দশকের সহিংসতা বন্ধ হয়েছিল।

ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ (মঙ্গলবার) আরো পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানে আসবেন বলে কথা রয়েছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর এটি হবে পুতিনের প্রথম বিদেশ সফর।

প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার উত্তরাঞ্চলে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন। তবে রাশিয়া ও ইরান সিরিয়ায় তুর্কি আগ্রাসনের বিরোধী এবং আসন্ন ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে এ বিষয়ে এরদোগানকে বোঝানোর চেষ্টা করবেন পুতিন ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।

ইরান এরইমধ্যে সতর্ক করে দিয়ে বলেছে, সিরিয়ায় তুরস্কের যেকোনো আগ্রাসন গোটা অঞ্চলকে অস্থিতিশীল করবে। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের বিচ্ছিন্নতাবাদী কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো আশ্রয় নিয়েছে বল অভিযোগ তুলে সেখানে ২০১৬ সাল থেকে বেশ কয়েকবার সামরিক অভিযান চালিয়েছে তুরস্ক।  

সিরিয়া সরকার বারবার সেদেশের উত্তরাঞ্চলে তুর্কি আগ্রাসনের নিন্দা জানিয়েছে। রাশিয়া আবার আগ্রাসন চালানো থেকে বিরত থাকতে আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছে।খবর পার্সটুডে/এনবিএস২০২২/একে