ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারী বৃষ্টিতে নেপাল বিপর্যয়: ভূমিধস ও বন্যায় ২২ জন প্রাণ হারালেন, উদ্ধার অভিযান চলছে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

ভারী বৃষ্টিতে নেপাল বিপর্যয়: ভূমিধস ও বন্যায় ২২ জন প্রাণ হারালেন, উদ্ধার অভিযান চলছে

নেপালে গত ৩৬ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও আকস্মিক বন্যায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। রবিবার নেপালের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পুলিশের মুখপাত্র বিনোদ ঘিমিরে জানিয়েছেন, ভারতের সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় ইলাম জেলায় পৃথক ভূমিধসে ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া, দক্ষিণ নেপালে বজ্রপাতে তিনজন এবং পূর্ব নেপালের উদয়পুর জেলায় একজনের মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে বন্যায় ১১ জন নিখোঁজ রয়েছেন।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) মুখপাত্র শান্তি মাহাত রয়টার্সকে বলেছেন, “তাদের উদ্ধার প্রচেষ্টা চলছে।”

ভূমিধসের কারণে বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে, যার ফলে শতাধিক যাত্রী আটকা পড়েছেন।
কাঠমান্ডু বিমানবন্দরের মুখপাত্র রিঞ্জি শেরপা বলেছেন, “দেশীয় বিমান চলাচল মূলত ব্যাহত হয়েছে। তবে আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।”

দক্ষিণ-পূর্ব নেপালে কোশি নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে, একজন জেলা কর্মকর্তা জানিয়েছেন।

সুনসারী জেলার জেলা গভর্নর ধর্মেন্দ্র কুমার মিশ্র বলেন, “কোশি নদীর পানি প্রবাহ স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও বেশি।”
তিনি জানিয়েছেন, কোশি ব্যারেজের ৫৬টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে যাতে অতিরিক্ত পানি নিষ্কাশন করা যায়। স্বাভাবিক পরিস্থিতিতে ব্যারেজের ১০–১২টি গেটই খোলা থাকে।