ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আফগানিস্তানের পাল্টা হামলায় নিহত ৫৮ পাকিস্তানি সেনা, সীমান্তে উত্তেজনা তীব্রতর


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

আফগানিস্তানের পাল্টা হামলায় নিহত ৫৮ পাকিস্তানি সেনা, সীমান্তে উত্তেজনা তীব্রতর

আফগানিস্তানের তালেবান বাহিনী পাকিস্তানের বিমান হামলার পাল্টা জবাবে বিভিন্ন সীমান্ত অঞ্চলে অভিযানে নেমেছে। আফগান কর্মকর্তাদের দাবি, এই অভিযানে অন্তত ৫৮ পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

রোববার (১২ অক্টোবর) তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক এক্স পোস্টে বলেন, আফগান বাহিনী বিপুল পরিমাণ পাকিস্তানি অস্ত্রও দখল করেছে। অভিযানে আফগান তালেবান বাহিনীরও ২০ জনের বেশি সদস্য নিহত বা আহত হয়েছেন।

পাকিস্তান এখনও আফগান সরকারের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে হেলমান্দ প্রদেশের মুখপাত্র মৌলভী মোহাম্মদ কাসিম রিয়াজ জানিয়েছেন, শনিবার (১১ অক্টোবর) রাতে বাহরামপুর জেলার ডুরান্ড লাইনের কাছে আফগান বাহিনীর পাল্টা অভিযানে ১৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তিনি আরও বলেন, তিনটি পাকিস্তানি সামরিক ফাঁড়ি দখল এবং অস্ত্র-গোলাবারুদ জব্দ করেছে আফগান বাহিনী।

আফগান রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এপির প্রতিবেদনে বলা হয়, পাল্টা হামলায় এক ডজনেরও বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তবে ইসলামাবাদ এখনো কোনো মন্তব্য করেনি।

গত বৃহস্পতিবার আফগানিস্তানের কাবুল ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ তুলে তালেবান সরকার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছিল। ইসলামাবাদ বিমান হামলার অভিযোগ স্বীকারও করেনি, আবার অস্বীকারও করেনি। তবে কাবুলকে আহ্বান জানিয়েছে, ‘পাকিস্তানবিরোধী সন্ত্রাসী সংগঠন’ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আশ্রয় দেয়া বন্ধ করতে।

নিউজ এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের হামলার জবাবে শনিবার রাতে হেলমান্দ, কান্দাহার, জাবুল, পাকতিকা, খোস্ত, নাঙ্গারহার ও কুনার প্রদেশে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর চৌকি লক্ষ্য করে হামলা চালায় আফগান বাহিনী। এসব প্রদেশ পাকিস্তান-আফগান সীমান্তে অবস্থিত।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি বলেন, এটি পাকিস্তানের আফগান আকাশসীমা লঙ্ঘনের জবাবে পাল্টা অভিযান ছিল। তিনি জানান, স্থানীয় সময় মধ্যরাতে আক্রমণটি শেষ হয়।
তিনি আরও বলেন, “যদি প্রতিপক্ষ আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দিতে প্রস্তুত।”

পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আফগান তালেবানের হামলার জবাবে পাকিস্তান ১৯টি আফগান সীমান্ত চৌকি দখল করেছে। কিছু চৌকিতে আগুন লেগেছে এবং আফগান তালেবান নিহত বা পালিয়েছে।

রেডিও পাকিস্তান জানিয়েছে, পাকিস্তানি সেনারা তালেবানের মনোজবা ক্যাম্প ব্যাটালিয়ন সদর দফতর, জান্দুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প এবং খারচর দুর্গ ধ্বংস করেছে। আফগান বাহিনী সীমান্তে খাওয়ারিজ গঠনগুলো প্রবেশ করাতে চাইলেও, পাকিস্তানি পোস্ট দ্রুত প্রতিক্রিয়া দিয়েছে।