ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ট্রাম্প-সিসির নেতৃত্বে মিসরে গাজা শান্তি সম্মেলন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির আশা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৫, ০৭:১০ পিএম

ট্রাম্প-সিসির নেতৃত্বে মিসরে গাজা শান্তি সম্মেলন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির আশা

গাজা সংকটের স্থায়ী সমাধান ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের নেতারা মিসরে এক টেবিলে বসছেন। আগামী সোমবার ১৩ অক্টোবর মিসরের পর্যটন শহর শারম আল-শেখে এই গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

শনিবার এক বিবৃতিতে মিসরীয় প্রেসিডেন্টের কার্যালয় জানায়, সম্মেলনের মূল লক্ষ্য হলো:
গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটানো
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা
আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা করা

সম্মেলনে ২০টিরও বেশি দেশের নেতা অংশ নেবেন। এতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উপস্থিত থাকবেন। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের পেদ্রো সানচেজ, এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বা ফিলিস্তিনি গোষ্ঠী হামাস কোনো প্রতিনিধি অংশ নেবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়।

গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটাতে এই সপ্তাহে মার্কিন-মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তির প্রথম ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হয়েছে। গাজা যুদ্ধে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, এবং দুর্ভিক্ষপীড়িত অঞ্চলগুলোর বেশিরভাগ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গাজা সিটি থেকে আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, যুদ্ধবিরতি “এক ধরনের সহিংসতার অবসান ঘটিয়েছে, তবে ধ্বংসস্তুপের মধ্যে গাজাবাসীর বেঁচে থাকার সংগ্রাম এখনও অব্যাহত”।