এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ০৭:১০ পিএম
মাস তিনেক আগেই কানাডার মন্ট্রিয়ালে একান্ত নৈশভোজে দেখা গিয়েছিল পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। সেই সময় থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। আর এবার যেন সেই গুঞ্জনেই আগুন ঢেলেছে একটি ছবি—যেখানে দুজনকে দেখা গেছে এক প্রমোদতরীতে অন্তরঙ্গ অবস্থায়!
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, প্রাক্তন প্রধানমন্ত্রী ট্রুডো ও পপ তারকা কেটি পেরি সমুদ্রের হাওয়ায় উপভোগ করছেন রোমান্টিক মুহূর্ত। ট্রুডোর ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, আর কেটির পরনে কালো রঙের সাঁতারের পোশাক। চুল বাঁধা মাথার উপরে। দুজনের মধ্যে যেন গভীর ঘনিষ্ঠতা—একপর্যায়ে কেটিকে ট্রুডোর গলা জড়িয়ে চুম্বন করতে দেখা যায়।
এক প্রত্যক্ষদর্শীর দাবি, তাদের ব্যক্তিগত সময় নিশ্চিন্তে কাটানোর জন্য প্রমোদতরীটি ইচ্ছাকৃতভাবে অন্য একটি নৌকার আড়ালে সরিয়ে নেওয়া হয়। অর্থাৎ, তারা চেয়েছিলেন এই সময়টা জনসম্মুখ থেকে সম্পূর্ণ আড়ালেই কাটাতে।
যদিও বিষয়টি নিয়ে এখনো কেটি পেরি বা জাস্টিন ট্রুডো কেউই কোনো মন্তব্য করেননি, তবুও ছবিটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ঝড় তুলেছে। কেউ বলছেন, এটা হয়তো দুজনের নতুন সম্পর্কের ইঙ্গিত, আবার কেউ মনে করছেন—এটি নিছকই ব্যক্তিগত মুহূর্তের ভুল ব্যাখ্যা।
এর আগেও কেটি পেরির নাম জড়িয়েছিল মার্কিন অভিনেতা অরল্যান্ডো ব্লুম-এর সঙ্গে। অন্যদিকে, ট্রুডো গত বছর স্ত্রী সোফি গ্রেগোয়ার-এর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। ফলে এই নতুন সম্পর্কের গুঞ্জন কানাডা ছাড়িয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
ছবিগুলো ছড়িয়ে পড়ার পর ট্রুডোর রাজনৈতিক মহলও বেশ অস্বস্তিতে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। অনেকেই বলছেন, সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনের এই অধ্যায় হয়তো আবারও আলোচনায় টেনে আনবে তাকে—তবে এবার রাজনৈতিক কারণে নয়, প্রেমের জন্য।