এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫, ০৮:১০ পিএম
ভারতীয় ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলি হয়তো এবার আইপিএল থেকেও সরে দাঁড়াতে যাচ্ছেন! টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন তিনি, আর এখন শোনা যাচ্ছে—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জার্সিতেও হয়তো শেষ হয়ে আসছে তার অধ্যায়।
ভারতের জনপ্রিয় ক্রীড়া মাধ্যম রেভস্পোর্টজ–এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, কোহলি সম্প্রতি এমন একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি নবায়নে রাজি হননি, যেটি আরসিবির স্পন্সরদের মধ্যে অন্যতম ছিল। ফলে ধারণা করা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তার সম্পর্ক ক্রমেই দূরত্বের দিকে যাচ্ছে।
আরসিবির সঙ্গে কোহলির সম্পর্ক শুরু হয়েছিল আইপিএলের একদম শুরুর মৌসুম থেকে। পারফরম্যান্স, নেতৃত্ব, ব্যক্তিত্ব—সব মিলিয়ে তিনি শুধু দলের তারকা নন, বরং পুরো ব্র্যান্ডের মুখ। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে ২৬৭ ম্যাচে ৮ হাজার ৬৬১ রান করে আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে, কোহলি হয়তো নতুন সিদ্ধান্তের পথে হাঁটছেন। প্রতিবেদনে বলা হয়েছে, কোহলি নিজেই নাকি আরসিবিকে জানিয়েছেন, তারা যেন এখন থেকেই দলের জন্য নতুন মুখ খোঁজে।
গত মৌসুমে আরসিবি যখন ফাফ ডু প্লেসিকে ছেড়ে দেয়, তখন অধিনায়কের দায়িত্ব ফের কোহলিকে দিতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন এবং রজত পাতিদারের নাম সুপারিশ করেন। কোহলির সেই সিদ্ধান্তেই প্রথমবারের মতো আইপিএল ট্রফি জেতে বেঙ্গালুরু।
সব মিলিয়ে বোঝা যাচ্ছে, আরসিবির ভবিষ্যৎ পরিকল্পনায় কোহলি আর আগের মতো জড়িত নন। এখন দেখার বিষয়—তিনি সত্যিই কি আইপিএলকে বিদায় জানাবেন, নাকি ভক্তদের জন্য অপেক্ষা রেখে দেবেন আরও একটি শেষ নাচন।