ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজায় রক্তক্ষয়ী সংঘর্ষ: হামাস বনাম দুগমুশ গোত্র, ২৭ জনের প্রাণহানি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৫, ০৭:১০ পিএম

গাজায় রক্তক্ষয়ী সংঘর্ষ: হামাস বনাম দুগমুশ গোত্র, ২৭ জনের প্রাণহানি

গাজা নগরীতে ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। শনিবার (১১ অক্টোবর) দক্ষিণ গাজার জর্ডানিয়ান হাসপাতালের কাছে হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলিতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে হামাস নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা শহরের ভেতরে অবস্থানরত একটি সশস্ত্র গোষ্ঠীকে ঘিরে ফেলেন। তাদের গ্রেপ্তার করতে গেলে দুই পক্ষের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়। এতে হামাসের আটজন সদস্য নিহত হন।

স্থানীয় হাসপাতাল সূত্র জানায়, শনিবার থেকে চলা এই সংঘর্ষে দুগমুশ গোত্রের ১৯ সদস্য এবং হামাসের আট যোদ্ধা প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা বলেন, তেল আল-হাওয়ার একটি আবাসিক ভবনে দুগমুশ যোদ্ধারা অবস্থান করছিলেন। খবর পেয়ে হামাসের প্রায় তিন শতাধিক যোদ্ধা সেখানে অভিযান চালালে গোলাগুলির তীব্রতা বাড়ে।

সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু পরিবার গোলাগুলির ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। এক স্থানীয় বাসিন্দা জানান, “মানুষ এবার ইসরায়েলি হামলা থেকে পালাচ্ছিল না, তারা পালাচ্ছিল নিজেদের লোকদের কাছ থেকে।”

দুগমুশ গোত্র গাজার অন্যতম প্রভাবশালী ও সশস্ত্র গোষ্ঠী। দীর্ঘদিন ধরেই হামাসের সঙ্গে তাদের সম্পর্ক উত্তেজনাপূর্ণ। অতীতেও এই দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে।

অন্যদিকে, দুগমুশ গোত্রের একটি সূত্র স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, হামাস যোদ্ধারা একসময় জর্ডানিয়ান হাসপাতাল হিসেবে ব্যবহৃত একটি ভবনে প্রবেশের চেষ্টা করেন। আল-সাব্রা এলাকায় ঘরবাড়ি ধ্বংস হওয়ার পর ওই ভবনে আশ্রয় নিয়েছিল দুগমুশ পরিবারের কয়েকটি সদস্য। তাদের অভিযোগ, হামাস সেই পরিবারগুলোকে উচ্ছেদ করে ভবনটিকে নিজেদের ঘাঁটি বানাতে চেয়েছিল।

এই সংঘর্ষের পর গাজা নগরীর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। সাধারণ মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে—যেখানে ইসরায়েলি হামলার ভয় নয়, বরং নিজেদের মধ্যেকার লড়াইই হয়ে উঠেছে নতুন বিপর্যয়।