এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫, ০৭:১০ পিএম
নারী বিশ্বকাপে ৫২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রান তাড়ায় ৩৩০ রানের বড় ইনিংস করেও ভারতকে হারাল অস্ট্রেলিয়া। হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক ভারত ৩ উইকেট ও ৬ বল হাতে রেখেই অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। ১৪২ রানের নজরকাড়া ইনিংস খেলেছেন ম্যাচসেরা অ্যালিসা হিলি।
ম্যাচের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত দারুণ শুরু করে। উদ্বোধনী জুটিতে প্রাতিকা রাওয়াল ও স্মৃতি মান্ধানা ১৫৫ রানের দারুণ পার্টনারশিপ গড়ে। মান্ধানা ৮০ রান করে আউট হন, প্রাতিকা ৭৫ রানে ফিরেন। হারলিন দোয়েল যোগ করেন ৩৮ রান। তবে ভারতের ইনিংস শেষ হয় জেমিমা ও রিচা ঘোষের পারফরম্যান্সে ৩৩০ রানে অলআউট হয়ে। অজিদের হয়ে ৫ উইকেট নেন সাদারল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি ১৪২ রানের অসাধারণ ইনিংস খেলেন। সঙ্গে লিচফিল্ড, পেরি ও গার্ডনারও অবদান রাখেন। মাত্র ১ ওভার বাকি থাকতেই ৩ উইকেটের সহজ জয় নিশ্চিত করে অজিরা।
এই জয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে আসে অস্ট্রেলিয়া। হারিয়ে তিন নম্বরে নেমে যায় ভারত।