এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫, ০৭:১০ পিএম
ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা এখন টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। গত এশিয়া কাপের সাতটি ম্যাচে তিনি ৩১৪ রান করে দেখিয়েছেন ব্যাটিংয়ের দাপট। পাকিস্তানের সেরা বোলাররা তাকে থামাতে পারেননি। কিন্তু পাকিস্তানের ২৩ বছরের বোলার ইসানুল্লাহ ভারতের এই তরুণ ব্যাটারকে আউট করার চ্যালেঞ্জ জানালেন।
একটি ভাইরাল ভিডিয়োতে ইসানুল্লাহ বলেছেন, ‘‘ভারতের বিরুদ্ধে খেললে অভিষেককে আউট করতে আমার মাত্র তিন থেকে ছ’টি বল লাগবে। আমার ১৪০ কিমি প্রতি ঘণ্টা গতির বল ওর কাছে ১৬০ কিমি মনে হবে। বাঁহাতি ব্যাটারদের ইন সুইং করতে পছন্দ করি। অভিষেক এই ধরনের বল ভাল খেলতে পারে না। তাই ওকে আউট করতে বেশি সময় লাগবে না।’’
তিনি আরও জানিয়েছেন, ‘‘বাঁহাতি ব্যাটারদের ডান কাঁধ লক্ষ্য করে খাটো লেংথের বল করি। আমার বাউন্সারগুলোও যথেষ্ট কার্যকর।’’
ইসানুল্লাহ ২০২৩ সালের পাকিস্তান প্রিমিয়ার লিগে ১৫২.৬৫ কিমি প্রতি ঘণ্টার গতিতে বল করে নজর কেড়েছিলেন। দেশের হয়ে শেষবার খেলেছেন ২০২৩ সালের এপ্রিল মাসে। এরপর পাকিস্তান দলে সুযোগ পাননি। তবু তিনি ভারতের অভিষেক শর্মাকে দ্রুত আউট করার দাবি নিয়ে আত্মবিশ্বাসী।