এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫, ০৮:১০ পিএম
হামাস ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মি মুক্তি এবং ২৮ জন মরদেহ ফেরতের বিনিময়ে আজ সোমবার ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি ও গাজা থেকে আটক ব্যক্তিকে মুক্তি দেবে।
ইতিমধ্যে হামাস ৭ জন জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করেছে। তবে ফিলিস্তিনি কোনো বন্দি এখনও মুক্ত হয়নি। তাদের স্বজনরা প্রিয়জনদের ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনুসের নাসের হাসপাতালে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের আনা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের গ্রহণের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে।
নাসের হাসপাতালের চিকিৎসক ও নার্সরা জানিয়েছেন, মুক্তিপ্রাপ্ত বন্দিদের চিকিৎসা পরীক্ষা করে পরিবারের সঙ্গে পুনর্মিলনের আগে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
স্বজনরা হাসপাতালের বাইরে জড়ো হয়ে অপেক্ষা করছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পরিবেশে প্রত্যাশা ও স্বস্তির মিশ্রণ বিরাজ করছে। গাজা জুড়ে পরিবারগুলো প্রিয়জনদের দেখার আশায় এসেছে।
সর্বত্র উৎসবমুখর পরিবেশ, অনেকেই বলছেন, “আজ সত্যিই ফিলিস্তিনের স্বাধীনতার দিন।”
চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিরা অনেকেই অত্যন্ত অবসন্ন, ওষুধ ও খাবারের অভাবে দুর্বল, কঠিন জীবনযাপনের মধ্য দিয়ে এসেছিলেন। ইসরায়েলি কারাগারে আটক থাকার সময় তারা শারীরিক ও মানসিক নিযার্তনের শিকার হয়েছিলেন।