ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিদেশিদের জন্য বড় সুখবর! মালয়েশিয়া খুলে দিলো ১৩ খাতের বিশাল চাকরির দরজা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

বিদেশিদের জন্য বড় সুখবর! মালয়েশিয়া খুলে দিলো ১৩ খাতের বিশাল চাকরির দরজা

মালয়েশিয়ায় কাজের স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য এসেছে দারুণ সুখবর। দেশটির সরকার গুরুত্বপূর্ণ ১৩টি খাতে শ্রমঘাটতি পূরণে বিদেশি কর্মী নিয়োগের বিশেষ অনুমোদন সুবিধা ঘোষণা করেছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ সুবিধা কার্যকর থাকবে, যেখানে আবেদনগুলো অনুমোদিত হবে ‘কেস বাই কেস’ ভিত্তিতে।

মঙ্গলবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক বিবৃতিতে এই সিদ্ধান্তের ঘোষণা দেন। তিনি জানান, সরকার ৩টি প্রধান খাত ও ১০টি উপখাতে বিদেশি কর্মী কোটার আবেদন গ্রহণ করবে।

প্রধান তিন খাত

১️⃣ বৃক্ষরোপণ
২️⃣ কৃষি
৩️⃣ খনি ও খনন

উপখাতের তালিকা

নিরাপত্তা পরিষেবা, ধাতু ও স্ক্র্যাপ সামগ্রী, ভবন রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, পাইকারি ও খুচরা ব্যবসা, লন্ড্রি, রেস্তোরাঁ, স্থলভিত্তিক গুদামজাতকরণ, কার্গো হ্যান্ডলিং, সরকারি প্রকল্পের অধীনে নির্মাণকাজ এবং মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি অনুমোদিত নতুন বিনিয়োগ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,

“এই সুবিধা দেওয়ার মাধ্যমে সরকার শুধু শ্রমঘাটতি পূরণ করছে না, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনগণের কল্যাণের ভারসাম্য রক্ষায় মাদানি সরকারের অঙ্গীকারও ফুটে উঠছে।”

সরকারি বিবৃতিতে আরও জানানো হয়, বিদেশি কর্মী নিয়োগে আগ্রহী প্রতিষ্ঠানগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ওয়ান স্টপ সেন্টার (ওএসসি) ফর ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্টে সরাসরি আবেদন জমা দিতে পারবেন।

তবে প্রতিটি আবেদন মূল্যায়ন করবে উপদ্বীপ মালয়েশিয়ার শ্রম বিভাগ (জেটিকেএসএম) ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা। আবেদনকারীদের জমা দিতে হবে প্রয়োজনীয় সব নথি, যা খাতভিত্তিক প্রকৃত জনবলের চাহিদা অনুযায়ী যাচাই করা হবে।

এই নমনীয় ও চাহিদাভিত্তিক প্রক্রিয়া শিল্পখাতকে আরও দক্ষ, টেকসই ও প্রতিযোগিতামূলক করতে সহায়ক হবে বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই উদ্যোগের মাধ্যমে সরকার আগামী বছর বিদেশি কর্মী নিয়োগের নীতি ও ব্যবস্থাপনা আরও শক্তিশালী করবে, যা ২০৩০ সালের মধ্যে মোট কর্মশক্তির ১০ শতাংশে বিদেশি কর্মীর সংখ্যা সীমাবদ্ধ করার জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।