ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হামাসের হাতে থাকা আরও ৪ ইসরায়েলি জিম্মির মৃতদেহ রেড ক্রসের মাধ্যমে ফেরত দেওয়া হলো


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

হামাসের হাতে থাকা আরও ৪ ইসরায়েলি জিম্মির মৃতদেহ রেড ক্রসের মাধ্যমে ফেরত দেওয়া হলো

হামাসের হাতে থাকা আরও চারজন ইসরায়েলি জিম্মির মৃতদেহ মঙ্গলবার (১৪ অক্টোবর) গভীর রাতে আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়েছে। এর ফলে হামাসের হাতে থাকা মোট ৮ জন নিহত জিম্মির দেহ ইসরায়েলকে ফেরত দেওয়া হলো।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এর আগে সোমবার হামাস ২০ জন জীবিত ও ৪ জন মৃত জিম্মি ফেরত দিয়েছিল। অন্যদিকে, রেড ক্রস জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলও ৪৫ জন ফিলিস্তিনি নিহতের দেহ ফেরত দিয়েছে, যাদের মরদেহ এতদিন ইসরায়েলে ছিল।

 যুদ্ধবিরতি ও চুক্তির প্রেক্ষাপট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, হামাস ও ইসরায়েল উভয়েই সম্মত হয়েছিল যে সোমবার দুপুরের মধ্যে মোট ৪৮ জিম্মি হস্তান্তর করা হবে। যদিও জীবিতদের ফেরত দেওয়া হয়েছে, নিহতদের দেহ ফেরাতে বিলম্ব হওয়ায় দুই পক্ষের ওপর চাপ বাড়ছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে, হামাস যদি সব ২৮ জিম্মির মরদেহ ফেরত না দেয়, তবে গাজায় মানবিক সহায়তা প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হবে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, হামাসের কোনো বিলম্ব বা ইচ্ছাকৃত টালবাহানা চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর প্রতিক্রিয়া কঠোর হবে। আইডিএফ জানিয়েছে, হামাস চুক্তি ভঙ্গের কারণে রাফাহ সীমান্ত খোলা ও মানবিক সহায়তা পাঠানো বিলম্বিত করা হয়েছে। তবে হামাসের দাবি, গাজার ভেতরে বৃহৎ ধ্বংসযজ্ঞ ও বিশৃঙ্খলার কারণে নিহত জিম্মিদের সব দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি।

 মৃতদের পরিচয়

সোমবার প্রথম চারজন মৃত জিম্মি ফেরত দেওয়া হয়েছিল। তাদের মধ্যে রয়েছেন:

ড্যানিয়েল পেরেটজ (২২)

ইয়োসি শরাবি (৫৩)

গাই ইলুজ (২৬)

নেপালের নাগরিক বিপিন যোশি (২৩)

আইডিএফ জানিয়েছে, সর্বশেষ যে চারজনের দেহ ফেরত এসেছে, তাদের পরিচয় শনাক্ত করতে আরও কিছু সময় লাগবে। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত চুক্তির অনুলিপিতেও উল্লেখ করা হয়েছে যে, সব দেহ নির্ধারিত সময়ের মধ্যে উদ্ধার সম্ভব নাও হতে পারে।