এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫, ০৮:১০ পিএম
ইউরোপের দেশ ক্রোয়েশিয়া বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিটের সংখ্যা কমিয়ে দিচ্ছে। এর ফলে ইউরোপে চাকরির আশায় থাকা অভিবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে এশিয়া ও ভারতীয় উপমহাদেশের নাগরিকরা ক্রোয়েশিয়াকে ইউরোপে স্থায়ী বসবাসের ট্রানজিট দেশ হিসেবে ব্যবহার করে থাকেন।
২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়া এবং ২০২৩ সালে ইউরো ও শেনজেন অঞ্চলে যুক্ত হওয়ার পর বিদেশি কর্মীদের মধ্যে ক্রোয়েশিয়ার জনপ্রিয়তা দ্রুত বেড়েছিল।
তবে ২০২২ সালের পর প্রথমবার দেশটিতে বিদেশিদের জন্য ওয়ার্ক পারমিটের সংখ্যা বড় ধরনের কমেছে। ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের প্রথম নয় মাসে মাত্র ১ লাখ ৩৬ হাজার ২০০ জন বিদেশি কর্মী পারমিট পেয়েছেন। এটি ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ কম।
বিশ্লেষকদের ধারণা, যদি এই প্রবণতা চলতে থাকে, তাহলে বছরের শেষে পারমিট সংখ্যা ১ লাখ ৮০ হাজারের নিচে নেমে আসতে পারে। গত বছর এই সংখ্যা ছিল ২ লাখ ৬ হাজারের বেশি।
ক্রোয়েশিয়া সরকার জানিয়েছে, প্রধান শিল্পে চাহিদা কমে যাওয়া, স্থানীয় চাকরির বাজারে পরিবর্তন এবং নতুন শ্রম আইন কার্যকর হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নিয়োগ সংস্থা ও পারমিট প্রদানের প্রক্রিয়ায় কঠোর নজরদারি চালানো হচ্ছে। দ্রুত সম্প্রসারিত শ্রম ব্যবস্থাকে স্থিতিশীল রাখাই মূল উদ্দেশ্য।
অবকাঠামো নির্মাণের হার কমে যাওয়া এবং দক্ষ শ্রমিককে অগ্রাধিকার দেওয়াও পারমিটের পতনের অন্যতম কারণ। গত কয়েক বছরে নেপাল, ভারত ও ফিলিপাইনসহ ইইউ-বহির্ভূত দেশ থেকে আসা অদক্ষ শ্রমিকদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় পারমিট সংখ্যা বেড়েছিল। কিন্তু এখন ক্রোয়েশিয়ায় নিয়োগদাতারা অদক্ষ শ্রমিকের চেয়ে দক্ষ জনবলকেই অগ্রাধিকার দিচ্ছেন।