এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫, ১০:১০ পিএম
এক মাসের বিরতির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার আবারও শুরু হয়েছে। বুধবার ১৫ অক্টোবর তিনি তেল আবিব জেলা আদালতে দুর্নীতির মামলায় সাক্ষ্য দিতে হাজির হন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে নিউইয়র্ক সফর এবং ইহুদি ধর্মীয় উৎসবের কারণে বিচার স্থগিত ছিল।
গত সোমবার ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগকে নেতানিয়াহুকে দুর্নীতির মামলায় ক্ষমা করার জন্য অনুরোধ করেছিলেন।
ইসরায়েলের আইন অনুযায়ী, প্রেসিডেন্টের কাছে প্রয়োজনীয় তথ্য এবং বিচার বা প্রতিরক্ষা মন্ত্রীর মতামতের ভিত্তিতে অপরাধীদের ক্ষমা বা সাজা কমানোর ক্ষমতা রয়েছে।
এর আগে, গত জানুয়ারিতে নেতানিয়াহুকে তিনটি মামলার অভিযোগ সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালের নভেম্বর মাসে গাজায় নৃশংসতার জন্য নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে প্রায় ৬৮ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এজন্য নেতানিয়াহু যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের মামলার মুখোমুখি রয়েছেন।