এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫, ১০:১০ পিএম
মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনাকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে সৈন্যদের বিদ্রোহে নেতৃত্ব দেওয়া কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা নিজেকে নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। তিনি আগামী কয়েক দিনের মধ্যে শপথ নেবেন। ইতিমধ্যে সাংবিধানিক আদালত তাকে রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করেছে।
বুধবার (১৫ অক্টোবর) ব্যারাক থেকে এক সাক্ষাৎকারে কর্নেল র্যান্ড্রিয়ানিরিনা এই ঘোষণা দেন। এর আগে মঙ্গলবার তিনি জানান, সশস্ত্র বাহিনী মাদাগাস্কারে ক্ষমতা দখল করছে।
জেন-জি নেতৃত্বাধীন রক্তক্ষয়ী বিক্ষোভের কারণে প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ার পর দেশটি আপাতত শান্ত। তবে নতুন রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা মাদাগাস্কারের সেনাবাহিনীর বিশেষ ইউনিট ক্যাপস্যাটের প্রধান। তিনি জানান, রাজোয়েলিনার অনুপস্থিতিতে উচ্চ সাংবিধানিক আদালত তাকে রাষ্ট্রপ্রধানের ভূমিকা গ্রহণের জন্য আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন। আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণের মাধ্যমে পদটি নিশ্চিত হবে।
গত শনিবার (১১ অক্টোবর) বিক্ষোভগুলো একটি গুরুত্বপূর্ণ মোড় নেয়। র্যান্ড্রিয়ানিরিনা এবং তার অভিজাত ইউনিট রাজোয়েলিনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। সেনারা পদত্যাগের দাবিতে বিক্ষোভে যোগ দেন, যার ফলে রাজোয়েলিনা পালিয়ে যান।
র্যান্ড্রিয়ানিরিনা বলেন, “গতকাল আমাদের দায়িত্ব নিতে হয়েছিল, কারণ দেশে আর কিছুই অবশিষ্ট নেই। প্রেসিডেন্ট নেই… সরকার নেই।”
তিনি আরও জানান, নতুন সামরিক নেতৃত্ব দ্রুত একজন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন, যিনি সরকার গঠন করবেন। তবে এটি কখন হবে, তা এখনও অনির্দিষ্ট।
১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে মাদাগাস্কানরা একাধিক অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হয়েছে। দ্বীপরাষ্ট্রটি এখনও উচ্চমাত্রার দারিদ্র্যের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, রাজোয়েলিনা ২০০৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে ক্ষমতায় এসেছিলেন।