ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসরায়েল-হুতি সংঘাতে নতুন উত্তেজনা: নিহত হুতিদের চিফ অব স্টাফ আল-ঘামারি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ অক্টোবর, ২০২৫, ০৮:১০ পিএম

ইসরায়েল-হুতি সংঘাতে নতুন উত্তেজনা: নিহত হুতিদের চিফ অব স্টাফ আল-ঘামারি

ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের চিফ অব স্টাফ মুহাম্মদ আবদ আল-করিম আল-ঘামারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার হুতিদের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আল-ঘামারি ছিলেন হুতিদের অন্যতম শীর্ষ সামরিক কর্মকর্তা। বিবৃতিতে বলা হয়েছে, তিনি ‘কর্তব্য পালনের সময়’ নিহত হন।

যদিও হুতিদের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করা হয়নি, তারা সতর্ক করেছে— “ইসরায়েলের সঙ্গে সংঘাত এখনো শেষ হয়নি, তাদের অপরাধের জন্য প্রতিশোধ নেবে ইয়েমেন।”

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই হুতিরা প্রকাশ্যে ফিলিস্তিনের হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের ওপর একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তবে এসব হামলার বেশিরভাগই ইসরায়েল বাতাসেই প্রতিহত করতে সক্ষম হয়েছে।

প্রতিশোধ হিসেবে ইসরায়েলও ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে অন্যতম ছিল গত আগস্টের সানা হামলা, যেখানে হুতি সমর্থিত সরকারের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী নিহত হন।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আল-ঘামারির মৃত্যু হুতিদের নেতৃত্বে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ তিনি শুধু সামরিক নেতা নন, বরং সংগঠনের কৌশলগত পরিকল্পনা ও সমন্বয়ের মূল দায়িত্বে ছিলেন।

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও হুতিদের এই অঘোষিত যুদ্ধ এখন আরও জটিল আকার নিচ্ছে, যা অঞ্চলজুড়ে নতুন অস্থিতিশীলতার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।