ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

একদিনেই তিন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার চুক্তি সাকিব আল হাসানের, ফ্যানদের অবিশ্বাস্য রেকর্ড


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ অক্টোবর, ২০২৫, ০৮:১০ পিএম

একদিনেই তিন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার চুক্তি সাকিব আল হাসানের, ফ্যানদের অবিশ্বাস্য রেকর্ড

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান একদিনে তিনটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলার চুক্তি সম্পন্ন করেছেন। মাত্রই কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্ট শেষ করেছেন সাকিব, আর এরই মধ্যে তিনটি নতুন লিগে তার নাম চূড়ান্ত হয়েছে।

আবুধাবি টি-১০ লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব। দলের সঙ্গে আছেন জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো আন্তর্জাতিক তারকা। প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকবেন টাইগারদের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। টুর্নামেন্ট শুরু হবে ১৮ নভেম্বর থেকে।

একই দিনে সাকিব নিশ্চিত করেছেন গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএ-তেও খেলার কথা। ছয় দলের এই টুর্নামেন্টে হিউস্টন রাইডার্সের হয়ে খেলবেন তিনি। লিগে সাকিবের সঙ্গে থাকবেন মোহাম্মদ আমির, আন্দ্রে ফ্লেচার, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল ও ইমরান তাহির। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই লিগ।

এছাড়া ভারতের শ্রীনগরের ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগেও অংশ নেবেন সাকিব। এক ভিডিও বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এই টুর্নামেন্ট হবে ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর, বকশী স্টেডিয়ামে। লিগে খেলবেন অজি তারকা শন মার্শ, ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইলসহ আরও অনেক তারকা।

জাতীয় দলে না থাকলেও টানা খেলার মধ্যে আছেন সাকিব। পিএসএল ও জিএসএলের পাশাপাশি খেলে ফেলেছেন সিপিএল, ক্যারিবিয়ান লিগের ম্যাক্স সিক্সটি, এবং যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটেও। সাকিবের এই ব্যস্ত সূচি প্রমাণ করছে, তিনি এখনো বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার।