এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম
আইসিসি নারী বিশ্বকাপে ভয়াবহ পরাজয়ের মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে একদম পাত্তা পায়নি নিগার সুলতানা জ্যোতির দল। আগে ব্যাট করে ১৯৯ রানের লক্ষ্য ছুড়ে দিলেও, অ্যালিসা হিলির বিধ্বংসী ব্যাটিংয়ে ২৫.১ ওভারেই ১০ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় অজিরা।
টানা চার ম্যাচে হেরে কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে বাংলাদেশ। বিপরীতে, প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভারতের ভিশাখাপাটনামে টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। ইনিংসের শুরুটা ভালো হলেও মাঝপথে ভেঙে পড়ে দল। সোবহানা মোস্তারি এক প্রান্তে লড়ে যান এবং সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান করেন। তার সঙ্গে রুবাইয়া হায়দার যোগ করেন ৪৪ রান। তবে বাকিদের কেউই দাঁড়াতে পারেননি—শারমিন করেন ১৯, অধিনায়ক জ্যোতি করেন ১২ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রানে থামে লাল-সবুজদের ইনিংস।
অজিদের হয়ে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন লেগ স্পিনার অ্যালানা কিং। ১০ ওভারে ৪ মেডেনসহ মাত্র ১৮ রান খরচ করে ২ উইকেট নেন তিনি। এছাড়া ২টি করে উইকেট ভাগ করে নিয়েছেন জর্জিয়া ওয়ারহ্যাম, অ্যাশলি গার্ডনার ও অ্যানাবেল সাদারল্যান্ড।
১৯৯ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন দুই অজি ব্যাটার—অ্যালিসা হিলি ও ফিবি লিচফিল্ড। হিলি ২০টি চারের সাহায্যে মাত্র ৭৭ বলে করেন অপরাজিত ১১৩ রান, যা তার টানা দ্বিতীয় সেঞ্চুরি। অন্যদিকে লিচফিল্ডও ছিলেন দুর্দান্ত, ৭২ বলে অপরাজিত ৮৪ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
বাংলাদেশের বোলারদের দিনটা ছিল একেবারেই হতাশার। কোনো বোলারই অজি ওপেনিং জুটি ভাঙতে পারেননি। ফলে বড় ব্যবধানে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় টাইগ্রেসদের।