এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম
শেষ পর্যন্ত নির্ধারিত হলো ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল। সবশেষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এবারের আসরে এশিয়া থেকে রেকর্ড ৮টি দেশ খেলবে, আর সবচেয়ে বড় চমক—প্রথমবারের মতো আইসিসির বড় মঞ্চে উঠছে ইতালি!
বিশ্বকাপের তারিখ এখনো ঠিক না হলেও, অংশগ্রহণকারী দেশগুলো এখন সম্পূর্ণ চূড়ান্ত। এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বে জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আমিরাত। এর আগে একই অঞ্চলের নেপাল ও ওমানও নিশ্চিত করেছে তাদের স্থান।
২০ দলের এই বিশ্বকাপে দলগুলো এসেছে তিনটি পথে—
স্বাগতিক হিসেবে ভারত ও শ্রীলঙ্কা সরাসরি জায়গা পেয়েছে দু’বছর আগেই। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা সাত দলও সরাসরি সুযোগ পেয়েছে, সেই তালিকায় রয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিং বিবেচনায় বাছাই খেলতে হয়নি পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকেও।
বাকি আট দল এসেছে চার মহাদেশের বাছাইপর্ব থেকে। ৮৭ দেশ অংশ নিয়েছিল এই দীর্ঘ প্রক্রিয়ায়, যেখানে মোট ১৮৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রায় দেড় বছর (প্রায় ৫০০ দিন) লেগেছে পুরো প্রক্রিয়া শেষ করতে। এশিয়া থেকে সর্বোচ্চ তিন দল, ইউরোপ ও আফ্রিকা থেকে দুটি করে, আর আমেরিকা থেকে একটি দল জায়গা পেয়েছে।
বাছাইপর্বে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ইতালি। জো বার্নসের নেতৃত্বে প্রথমবারের মতো আইসিসির কোনো বিশ্বকাপে জায়গা পেয়েছে দেশটি।
মূলপর্বের ফরম্যাট আগের মতোই থাকবে—৪টি গ্রুপে ৫টি করে দল লড়বে। এরপর হবে সুপার এইট, সেমিফাইনাল এবং ফাইনাল।
অন্যদিকে, ক্রিকেটপ্রেমীদের জন্য আরও এক দারুণ খবর—আগামী ২০ অক্টোবর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।