ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

১৬ বছরের নিচে শিক্ষার্থীদের স্মার্টফোনে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত নিল মালয়েশিয়া সরকার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২৫, ০৪:১০ পিএম

১৬ বছরের নিচে শিক্ষার্থীদের স্মার্টফোনে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত নিল মালয়েশিয়া সরকার

দেশজুড়ে স্কুলে বাড়তে থাকা সহিংসতার ঘটনা মোকাবিলায় ১৬ বছরের নিচে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, গত শুক্রবার (১৭ অক্টোবর) প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাংবাদিকদের জানান, মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।

তিনি বলেন,

“আমরা লক্ষ্য করছি, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমের প্রভাব শিক্ষার্থীদের আচরণে উদ্বেগজনক পরিবর্তন আনছে। এজন্যই ১৬ বছরের নিচে স্মার্টফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া হয়েছে।”

প্রধানমন্ত্রী আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশকে দেশের সব স্কুলে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অভিভাবক-শিক্ষক সমিতি  এর অংশগ্রহণে নৈতিক শিক্ষা বিষয়ক কনটেন্ট তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে।

আনোয়ার ইব্রাহিম বলেন,

“প্রথমে নিরাপত্তা, তারপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব, এবং তৃতীয়ত নৈতিক শিক্ষা—এই তিন দিকেই আমরা গুরুত্ব দিচ্ছি।”

তিনি আরও যোগ করেন,

“শিক্ষা ও শিশুদের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সিদ্ধান্ত তড়িঘড়ি করে নেওয়া উচিত নয়। আমরা বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছি।”

সম্প্রতি মালয়েশিয়ার পেতালিং জায়ার একটি স্কুলে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে ১৪ বছর বয়সী এক ছাত্র ১৬ বছর বয়সী এক ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে স্কুলে সহিংসতা ও প্রযুক্তির নেতিবাচক প্রভাব নিয়ে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ফলে, তরুণ প্রজন্মের নৈতিক ও মানসিক সুরক্ষার কথা ভেবে সরকার স্মার্টফোন ব্যবহারে কঠোর অবস্থান নিয়েছে।