ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মিরপুরের চেয়েও গায়ানায় বাজে উইকেটে খেলেছি: রিশাদ হোসেন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

মিরপুরের চেয়েও গায়ানায় বাজে উইকেটে খেলেছি: রিশাদ হোসেন

অনেক মানসম্পন্ন লেগ স্পিনার হারানোর পর ধীরে ধীরে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেটে উঠে এসেছেন রিশাদ হোসেন।

এখন তিনি হয়ে উঠেছেন টাইগারদের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে এই ফরম্যাটে ১১টি ম্যাচ খেলেছেন রিশাদ, তবে কখনো ৩ উইকেটও নিতে পারেননি। এবার ক্যারিবীয়দের বিপক্ষে ৬ উইকেট নিয়ে রেকর্ড বুকে নিজের নাম নতুনভাবে খোদাই করেছেন এই বাংলাদেশি লেগ স্পিনার।

উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের অভিযোগ থাকলেও রিশাদ জানিয়েছেন, গায়ানায় এর চেয়ে বাজে উইকেটে খেলতে হয়েছিল বাংলাদেশকে। তারা সেই পরিস্থিতি মানিয়েই খেলেছে। তাই উইকেট নিয়ে কোনো অভিযোগের সুযোগ দেখছেন না বাংলাদেশের এই লেগ স্পিনার। যেমন উইকেটই দেওয়া হোক, সেটাতেই মানিয়ে নেয়ার কথাই জানিয়েছেন রিশাদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন,
"আসলে উইকেট ওদের জন্য যেমন ছিল, আমাদের জন্যও একই ছিল। দেখবেন এর চেয়ে বাজে উইকেট গায়ানায় ছিল। আমরা সেটা অ্যাডজাস্ট করে খেলেছি। তাই দুই দলের জন্য সমান ছিল। আশা করি বোঝাতে পারছি, সমান থাকলে খেলা সহজ হয়।"

তিনি আরও যোগ করেছেন,
"উইকেট আমাদের হাতে নেই। যেভাবেই হোক, আমাদের খেলতেই হবে। আমরা চেষ্টা করি যেন যেভাবেই হোক, উইকেট দিক, আমরা মানিয়ে খেলি।"

রিশাদ প্রথম বাংলাদেশি ডানহাতি স্পিনার হিসেবে পাঁচ উইকেটের কীর্তি গড়েছেন। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের দেওয়া ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী শুরু করলেও রিশাদ তাদের ব্যাটিংয়ের শিরদাঁড়া ভেঙে দিয়েছেন। ১০০ রানের আগেই ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেট হারায়।

অর্থাৎ ৫ উইকেটে ৯২। রিশাদ ৭ ওভারে ২৫ রান দিয়ে প্রথম ৫ উইকেটই তুলে নেন। এরপর গুড়াকেশ মোতিকে ফিরিয়ে ক্যারিবীয়দের ইনিংস ১৩৩ রানে শেষ করেন রিশাদ। বাংলাদেশের জয় হয় ৭৪ রানের ব্যবধানে।