এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা এবার পৌঁছেছে ক্রিকেট অঙ্গনেও। আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বয়কটের ঘোষণা দিলেন। তিনি তাঁর এক্স (টুইটার) প্রোফাইল থেকে পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের নাম সরিয়ে ফেলেছেন। এটি দেখেই বোঝা যাচ্ছে, তিনি আসন্ন পিএসএল মৌসুমে খেলবেন না।
এই সিদ্ধান্তের পেছনে রয়েছে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলা, যাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের তিন তরুণ ক্রিকেটার নিহত হয়েছেন। কবির, সিবঘাতুল্লাহ ও হারুন নামের এই ক্রিকেটারদের মৃত্যুতে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন রশিদ খান।
তিনি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, "সাম্প্রতিক পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে নারী, শিশু ও তরুণ ক্রিকেটারসহ বহু মানুষের প্রাণহানি গভীরভাবে দুঃখজনক। যারা একদিন দেশের হয়ে মাঠে নামার স্বপ্ন দেখত, তাদের জীবন এভাবে শেষ হয়ে গেল—এ এক অপূরণীয় ক্ষতি।"
এরই প্রতিক্রিয়ায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। রশিদ খান ছাড়াও আফগানিস্তানের আরও ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের এই হামলার নিন্দা জানিয়েছেন।
অন্যদিকে, পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি আফগানিস্তানের সমালোচনা করে বলেছেন, "আফগানিস্তান উপকার ভুলে গেছে।" তাঁর এই মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ক্রিকেটের মাঠে যখন এই রাজনৈতিক টানাপোড়েন, তখন ভক্তদের মনে প্রশ্ন জাগছে – ক্রিকেট কি সত্যিই আর রাজনীতি থেকে আলাদা থাকতে পারবে?