ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মিরাজ যা বললেন!  মাত্র এক রানে হার, সুপার ওভারে বাউন্ডারি না মারার আক্ষেপ! কেন হারল বাংলাদেশ?


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

মিরাজ যা বললেন!  মাত্র এক রানে হার, সুপার ওভারে বাউন্ডারি না মারার আক্ষেপ! কেন হারল বাংলাদেশ?

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে সুপার ওভারে হেরেছে বাংলাদেশ। তবে এই হারের জন্য প্রধানত দুটি কারণকে চিহ্নিত করেছেন ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি মনে করেন, ৫০তম ওভারের শেষ বলে নুরুল হাসান সোহান যদি ক্যাচটি ধরতে পারতেন অথবা সুপার ওভারে সৌম্য-সাইফ-শান্তর মধ্যে কেউ একটি বাউন্ডারি মারতে পারতেন, তাহলে ম্যাচটি বাংলাদেশ জিতত।

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের প্রথম সুপার ওভারের অভিজ্ঞতা মোটেও সুখকর হলো না। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯ রানে থেমেছে স্বাগতিকরা। ফলে ১ রানে হার মানতে হলো মিরাজ বাহিনীকে।

'জিতলে খুব খুশি হতাম'

ম্যাচ শেষে প্রেজেন্টেশনে মিরাজ বলেন, "এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা (সুপার ওভার)। ছেলেরা ভালো খেলেছে। মুস্তাফিজ অনেক ভালো বোলিং করেছে, জিতলে আমরা অনেক খুশি হতাম।" তবে তিনি স্বীকার করেন, মিরপুরের এই কন্ডিশনে ব্যাট করা সহজ নয়। তবে দলের তরুণ তারকা রিশাদ হোসেনের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি যোগ করেন, "রিশাদ খুবই ভালো ব্যাটিং করেছে এবং গুরুত্বপূর্ণ রান তুলেছে। সে সবসময় আত্মবিশ্বাস নিয়ে খেলে।"

কেন সাইফকে শেষ ওভার?

শেষ ওভারে সাইফ হাসানের হাতেই কেন বল তুলে দিয়েছিলেন, সে বিষয়ে মিরাজ বলেন, "আমাদের হাতে অপশন ছিল না। বিশ্বাস ছিল সাইফ শেষ ওভারে কিছু করতে পারবে, উইকেট টার্নিং ছিল, লো স্কিড ছিল।"

তিনি আক্ষেপ করে বলেন, "অনেক সুযোগ পেয়েছি আমরা, কাজে লাগাতে পারিনি। ক্যাচটা ধরলে গ্রেট ক্যাচ হতো, ম্যাচ জিতে যেতাম। সুপার ওভারে ১১ রান লাগত, একটা বাউন্ডারি হলেই জিতে যেতাম।"