এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম
থাইল্যান্ড সফরের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশের মেয়েদের জন্য। ব্যাংককে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে থাইল্যান্ডের কাছে ৩-০ গোলের ব্যবধানে হেরে গেছে ঋতুপর্ণা-আফঈদারা।
প্রায় ১২ বছর পর থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামল বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু দীর্ঘদিন পর মুখোমুখি লড়াইয়ের সেই ম্যাচে আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরাই।
ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এই ম্যাচে থাইল্যান্ডের মেয়েরা শুরু থেকেই খেলায় নিয়ন্ত্রণ নেয়। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে ৫১ ধাপ এগিয়ে থাকা দলটি গোলের সুযোগগুলো কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে।
বাংলাদেশ দীর্ঘ সাড়ে তিন মাস পর আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামে। প্রথমার্ধে এক গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল খায় দলটি। ফলে ম্যাচ শেষে ৩-০ গোলের হতাশাজনক হার নিয়ে মাঠ ছাড়ে আফঈদারা।
এই সফরের মূল উদ্দেশ্য হলো, আগামী বছরের এশিয়ান কাপের মূল পর্বে অংশগ্রহণের আগে প্রস্তুতি নেওয়া। এই টুর্নামেন্টে এবারই প্রথমবারের মতো মূলমঞ্চে খেলবে বাংলাদেশ নারী দল।
দুই দলের মধ্যে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সোমবার ২৭ অক্টোবর। এবার বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কিনা, সেটিই এখন দেখার বিষয়।