ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতে ভয়ংকর ঘটনা! ক্যাফেতে যাওয়ার পথে দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারের শ্লীলতাহানি, গ্রেপ্তার ১


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম

ভারতে ভয়ংকর ঘটনা! ক্যাফেতে যাওয়ার পথে দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারের শ্লীলতাহানি, গ্রেপ্তার ১

ভারতের ইন্দোরে নারী ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের সঙ্গে ঘটে গেছে চাঞ্চল্যকর এক ঘটনা। ক্যাফেতে যাওয়ার পথে এক মোটরসাইকেল আরোহী তাদের শ্লীলতাহানি করে পালিয়ে যায়।

বৃহস্পতিবার ২৩ অক্টোবর সকালে ইন্দোরের রিং রোড এলাকায় এই ঘটনা ঘটে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, দুই খেলোয়াড় ক্যাফেতে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি তাদের অনুপযুক্তভাবে স্পর্শ করে পালিয়ে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গেই দলের নিরাপত্তাকর্মীরা স্থানীয় পুলিশকে জানান।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, অভিযোগ পাওয়ার পরই ইন্দোর পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করে। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোরে অস্ট্রেলিয়া দলের দুই নারী ক্রিকেটারের সঙ্গে অশালীন আচরণ ও অনুসরণের অভিযোগে এক মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাটি ঘটে সকাল ১১টার দিকে, যখন দুই ক্রিকেটার ক্যাফে থেকে হোটেলে ফিরছিলেন। দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স পরবর্তীতে ইন্দোরের এমআইজি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে ৩০ বছর বয়সী আকিল খানকে গ্রেপ্তার করা হয়।

ইন্দোর পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজেশ দানদোতিয়া বলেন, “অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। বৃহস্পতিবার রাতেই মামলা নেওয়া হয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।”

এফআইআর অনুযায়ী, সকাল ১১টার দিকে দুই খেলোয়াড় ক্যাফেতে যান। ফেরার পথে তারা লক্ষ্য করেন, এক ব্যক্তি মোটরসাইকেলে তাদের পিছু নিচ্ছে এবং এক পর্যায়ে তাদের একজনের দিকে হাত বাড়ায়। খেলোয়াড়রা তখনই প্রতিরোধ করেন, এরপর ওই ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

দলের নিরাপত্তা ব্যবস্থাপক সিমন্স জানান, সকাল ১১টা ৮ মিনিটে একজন খেলোয়াড় তাঁকে লাইভ লোকেশন পাঠিয়ে বার্তা দেন— “একজন লোক আমাদের অনুসরণ করছে ও স্পর্শ করার চেষ্টা করছে।” এরপর পুলিশ ও দলের লিয়াজোঁ অফিসার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ক্রিকেটারকে নিরাপদে হোটেলে ফিরিয়ে নেন।

ঘটনাটি ঘটেছে র‍্যাডিসন ব্লু হোটেলে অবস্থানরত অস্ট্রেলিয়া দলের দুই সদস্যের সঙ্গে। পুলিশের ভাষ্য অনুযায়ী, রাত ১০টা ২৪ মিনিটে আনুষ্ঠানিকভাবে মামলা নেওয়া হয় ভারতীয় দণ্ডবিধির ৭৪ ও ৭৮ ধারায়— যেখানে নারীর মর্যাদা নষ্টের উদ্দেশ্যে হামলা ও অনুসরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এমপিসিএ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, খেলোয়াড়রা কীভাবে নিরাপত্তা বেষ্টনী ভেঙে বাইরে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এমপিসিএর প্রধান প্রশাসনিক কর্মকর্তা রোহিত পান্ডিত বলেন,
“ইন্দোর সাধারণত নারীদের জন্য নিরাপদ শহর হিসেবে পরিচিত। এই ঘটনা সত্যিই দুঃখজনক। নিরাপত্তা কর্মকর্তা, স্থানীয় পুলিশ ও বিসিসিআইয়ের সদস্যরা দায়িত্বে ছিলেন। তবুও খেলোয়াড়রা নিরাপত্তা টিমকে না জানিয়ে বাইরে গেলেন কীভাবে— সেটি আমরা তদন্ত করছি।”

উল্লেখ্য, অস্ট্রেলিয়া নারী দল ১৭ অক্টোবর থেকে ইন্দোরে অবস্থান করছে। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের শেষ লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে। অ্যালিসা হিলির নেতৃত্বাধীন দল বর্তমানে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এবং আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে।