ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতীয় ক্রিকেটে বিশাল দুঃসংবাদ! গুরুতর চোট পেয়ে আইসিইউতে শ্রেয়স আইয়ার, চলছে রক্তক্ষরণ!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ অক্টোবর, ২০২৫, ০৯:১০ পিএম

ভারতীয় ক্রিকেটে বিশাল দুঃসংবাদ! গুরুতর চোট পেয়ে আইসিইউতে শ্রেয়স আইয়ার, চলছে রক্তক্ষরণ!

গুরুতর চোট পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বর্তমানে শ্রেয়সকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU) রাখা হয়েছে। সিডনিতে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারের ক্যাচ ধরতে গিয়ে তার পাঁজরে এই গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে ভারতের একদিনের দলের সহ-অধিনায়ককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, "গত কয়েক দিন ধরে শ্রেয়স আইসিইউতেই আছে। রিপোর্টে দেখা গেছে, তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। ফলে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হয়নি।"

ওই সূত্র আরও জানিয়েছে, "আপাতত শ্রেয়স আইসিইউতেই থাকবেন। তাকে দুই থেকে সাত দিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হতে পারে। কোনোভাবেই যাতে রক্তক্ষরণের ফলে সংক্রমণ না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।"

মাঠে চিকিৎসা হলেও পরিস্থিতি বিগড়ে যায়
অ্যালেক্স ক্যারের ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়ার পর মাঠে কিছুক্ষণের জন্য শ্রেয়সের চিকিৎসা করা হয়েছিল। এরপর তিনি হেঁটেই সাজঘরে ফেরেন। কিন্তু এরপরেই তার শারীরিক কিছু সমস্যা দেখা দিতে শুরু করে। ফলে বোর্ডের মেডিক্যাল দল কোনো ঝুঁকি নিতে রাজি হয়নি।

ওই সূত্র বলেছে, "দলের চিকিৎসক ও ফিজিও সময় নষ্ট করতে চাননি। শ্রেয়সকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেরি হলে ঝুঁকি বাড়ত। খুব বাজে জায়গায় তার লেগেছে। তবে চোটের জায়গা থেকে রক্তক্ষরণ হওয়ায় তার সুস্থ হতে সময় লাগবে। কবে তিনি মাঠে ফিরতে পারবেন, তা এখনই বলা অসম্ভব।"

বিবৃতি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড
শ্রেয়সের শারীরিক অবস্থার কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও (BCCI)। সচিব দেবজিৎ শইকীয়া একটি বিবৃতিতে জানিয়েছেন, "শ্রেয়সের চিকিৎসা চলছে। বোর্ডের মেডিক্যাল দল তার দিকে নজর রেখেছে। শ্রেয়সকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা চলছে।"

আপাতত সামনে ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। একদিনের দলের সহ-অধিনায়ক হলেও শ্রেয়স টি-টোয়েন্টি দলে জায়গা পাননি। তবে আপাতত সাত দিন তাকে সিডনির হাসপাতালেই থাকতে হবে। এরপর তিনি দেশে ফিরতে পারেন। হয়তো ভারতের টি-টোয়েন্টি দলের সঙ্গেই তাকে ফিরিয়ে আনা হবে। আপাতত চিকিৎসকেরা শ্রেয়সের রক্তক্ষরণ থামানোর দিকেই মূল মনোযোগ দিয়েছেন। এখন দেখার, কত দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন ভারতীয় এই ব্যাটার।