এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫, ০২:১১ পিএম
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ার আবারও কেঁপে উঠল সন্ত্রাসী হামলায়। সোমবার আধাসামরিক বাহিনীর একটি সদর দপ্তরে বন্দুকধারীরা হামলা চালায় বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। খবর রয়টার্সের।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরের ভবনটিতে দুই আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়। এতে ভবনের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। সূত্র অনুযায়ী, এ ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, “প্রথম আত্মঘাতী হামলাকারী প্রধান প্রবেশপথে বিস্ফোরণ ঘটায়। এরপর আরেকজন কম্পাউন্ডের ভেতরে ঢুকে আরও হামলা চালায়।”
তিনি আরও জানান, “আমাদের সন্দেহ—ভবনের ভেতরে আরও সন্ত্রাসী লুকিয়ে থাকতে পারে। তাই সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে।”
ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত সীমান্তরক্ষী বাহিনীর এই সদর দপ্তরটি একটি সেনানিবাসের কাছেই হওয়ায় বিস্ফোরণের পর মুহূর্তেই পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।