ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

যুদ্ধবিরতিও রক্ষা পেল না! গাজায় নতুন ইসরাইলি হামলা, মৃতের সংখ্যা নিয়ে ভয়ংকর প্রতিবেদন


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৫, ০৯:১১ এএম

যুদ্ধবিরতিও রক্ষা পেল না! গাজায় নতুন ইসরাইলি হামলা, মৃতের সংখ্যা নিয়ে ভয়ংকর প্রতিবেদন

চলমান যুদ্ধবিরতির মাঝেই আবারও হামলা চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সোমবার (২৪ নভেম্বর) ইসরাইলি হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। মঙ্গলবার ২৫ নভেম্বর এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে জানানো হয়, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে ভয়াবহ ধ্বংসস্তূপের নিচ থেকে একই পরিবারের ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে নতুন এক গবেষণায় উঠে এসেছে আরও ভয়াবহ চিত্র। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের গবেষণায় বলা হয়েছে, দুই বছরেরও বেশি সময় ধরে গাজায় চলা ইসরাইলি হামলায় এক লাখের বেশি মানুষ নিহত হয়েছে।

গবেষণা প্রকল্পের কো-লিডার ইরিনা চেন বলেন, “সঠিক মৃতের সংখ্যা আমরা কখনোই জানতে পারব না। তবে যতটা সম্ভব বাস্তবসম্মত একটা অনুমান তৈরির চেষ্টা করেছি।”

গবেষকদের হিসাব অনুযায়ী, যুদ্ধের প্রথম দুই বছরে গাজায় ৯৯ হাজার ৯৯৭ থেকে ১ লাখ ২৫ হাজার ৯১৫ জন মানুষ মারা গেছে বা নিহত হয়েছে। তাদের গড় অনুমান ১ লাখ ১২ হাজার ৬৯ জন।

ম্যাক্স প্ল্যাঙ্কের গবেষক দল বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে এই পরিসংখ্যান তৈরি করেছে। এর মধ্যে ছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, স্বাধীন পরিবারভিত্তিক সমীক্ষা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মৃত্যুসংবাদ।