এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫, ০৯:১১ এএম
ইরাকের দক্ষিণাঞ্চলীয় ধি কার প্রদেশে ইসরায়েলের পক্ষে প্রচারণা ও অনলাইন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে একজন ব্যক্তিকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার ২৪ নভেম্বর ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জানায়, ধি কার ক্রিমিনাল কোর্ট ২০২২ সালের ১ নম্বর আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী এই রায় দিয়েছে। ওই আইনে স্পষ্ট বলা আছে—ইসরায়েলের সঙ্গে যোগাযোগ, সহযোগিতা বা এর পক্ষে প্রচারণা করা গুরুতর অপরাধ।
আইন অনুযায়ী, ইসরায়েল-সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকলে মৃত্যুদণ্ড থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তি হতে পারে।
ইরাকের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দেশটি দীর্ঘদিন ধরে স্বাভাবিকীকরণসহ ইসরায়েলের প্রতি যেকোনো সমর্থনের বিরোধিতা করে আসছে।