এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫, ০৯:১১ এএম
জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, প্রায় এক বছর আগে হওয়া যুদ্ধবিরতির পর থেকেও লেবাননে ইসরায়েলের হামলায় কমপক্ষে ১২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার ২৫ নভেম্বর জাতিসংঘ মানবাধিকার দপ্তরের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংস্থাটি ঘটনার স্বাধীন তদন্ত ও যুদ্ধবিরতির আইন মানার ওপর গুরুত্ব দিয়েছে।
জেনেভায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আল-খিতান বলেন, লেবানন–ইসরায়েল যুদ্ধবিরতির প্রায় এক বছর পরও ইসরায়েলি সেনাবাহিনীর হামলা থামছে না। এতে বেসামরিক মানুষ মারা যাচ্ছে, অবকাঠামো ধ্বংস হচ্ছে এবং পরিস্থিতি আরও বড় ধরনের সামরিক সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে।
তিনি আরও জানান, সংস্থাটির কঠোর তথ্য যাচাইয়ের পরেও মৃতের সংখ্যা বাস্তবতার তুলনায় কম হতে পারে।
ইসরায়েলের সাম্প্রতিক এবং সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি ঘটে লেবাননের সাইদন এলাকার কাছে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন আল-হিলওয়েতে। সেখানে ইসরায়েলি আঘাতে কমপক্ষে ১৩ জন বেসামরিক নিহত হয়েছেন, যার ১১ জনই শিশু। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
সব নিহতই বেসামরিক হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে—এই হামলাগুলোর মাধ্যমে ইসরায়েল কি আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধের নিয়ম লঙ্ঘন করছে? জাতিসংঘের দাবি, এই প্রশ্নের জবাব পেতে এখনই জরুরি তদন্ত প্রয়োজন।