এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম
আফগানিস্তান নতুন করে পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে। মঙ্গলবার, ২৫ নভেম্বর রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তান বিমান হামলা চালায়। এতে ৯ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগান তালেবান সরকার।
এর আগে, গত অক্টোবরে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছিল। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় তা সাময়িকভাবে থামলেও উত্তেজনা ছিল। পাকিস্তানের পেশোয়ারে একটি আত্মঘাতী হামলায় ছয়জন নিহত হওয়ার পর রাতেই আফগানিস্তানে বিমান হামলা চালানো হয়।
আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, “আমাদের আকাশসীমা, অঞ্চল ও জনগণকে রক্ষা করা আমাদের বৈধ অধিকার। উপযুক্ত সময়ে প্রয়োজনীয় প্রতিক্রিয়া দেওয়া হবে।”
পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠী টিটিপি তাদের ওপর হামলা চালাচ্ছে। তারা দাবি করে, আফগানিস্তান এ বিষয়ে সহযোগিতা করছে। তবে তালেবান সরকার সবসময়ই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।
পেশোয়ারে আত্মঘাতী হামলায় নিহতদের মধ্যে তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তিনজন বেসামরিক মানুষ। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারীকে প্রতিহত করা হয়েছে, যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঠেকানো সম্ভব হয়েছে।
২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান সরকার গঠন করে। শুরুতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিল স্বাভাবিক ও উষ্ণ। কিন্তু টিটিপি’র হামলা খাইবার পাখতুনখাওয়াতে বাড়িয়ে দেওয়ার পর সম্পর্ক খারাপ হতে থাকে। এরমধ্যে, গত মাসে দুই দেশের মধ্যে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে।