ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আফগানিস্তানে বিমান হামলা, ৯ শিশু ও ১ নারীর মৃত্যু—পাকিস্তান দাবি করছে ‘হামলা হয়নি’


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৫, ১২:১১ পিএম

আফগানিস্তানে বিমান হামলা, ৯ শিশু ও ১ নারীর মৃত্যু—পাকিস্তান দাবি করছে ‘হামলা হয়নি’

আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের সামরিক বাহিনীকে দায়ী করে হুমকি দিয়েছে, আফগান এলাকায় বিমান হামলার জবাব দেওয়া হবে। মঙ্গলবার খোস্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ৯ শিশু ও ১ নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, হামলার লক্ষ্য ছিল এক স্থানীয় বেসামরিক পরিবারের বাড়ি। তিনি সতর্ক করে জানান, ইসলামিক আমিরাত দেশের আকাশসীমা, ভূখণ্ড ও জনগণ রক্ষা করার বৈধ অধিকার রাখে এবং প্রয়োজন অনুযায়ী প্রতিশোধ নেওয়া হবে। 

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পাকিস্তান সীমান্তের কাছাকাছি এলাকায় ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার ও মৃতদের কবর প্রস্তুত করতে দেখা গেছে। খোস্ত প্রদেশের গভর্নরের মুখপাত্র মুশতাগফির গুরবুজ জানিয়েছেন, হামলা বিমান ও ড্রোন ব্যবহার করে চালানো হয়েছে।

পাশের কুনার ও পাকতিকা সীমান্ত এলাকায়ও হামলা হয়েছে; সেখানে অন্তত চারজন আহত হয়েছেন।
তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, পাকিস্তান আফগানিস্তানে হামলা চালায়নি। আমরা কখনো বেসামরিক জনগণের ওপর হামলা করি না। আফগান অন্তর্বর্তী সরকারের অভিযোগ ভিত্তিহীন।

এ ঘটনা ঘটে পেশোয়ারে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলার একদিন পরে। সেখানে তিন কর্মকর্তা নিহত এবং ১১ জন আহত হন। আনুষ্ঠানিকভাবে কোনো গোষ্ঠী এখনো দায় স্বীকার করেনি, যদিও পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত চ্যানেল পিটিভি জানিয়েছে, হামলাকারীরা আফগান নাগরিক।