ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারত থেকে ইহুদিদের ফিরিয়ে নিতে বড় সিদ্ধান্ত ইসরায়েলের!


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৫, ১২:১১ পিএম

ভারত থেকে ইহুদিদের ফিরিয়ে নিতে বড় সিদ্ধান্ত ইসরায়েলের!

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ইহুদি পরিচয়ে বসবাসরত ব্নেই মেনাশে সম্প্রদায়ের কয়েক হাজার সদস্যকে ইসরায়েলে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে দেশটি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই পরিকল্পনাকে “গুরুত্বপূর্ণ ও ইহুদিবাদী সিদ্ধান্ত” হিসেবে উল্লেখ করেছেন।

রোববার ইসরায়েল সরকার এক বিবৃতিতে জানায়, ভারত থেকে ব্নেই মেনাশে জনগোষ্ঠীর মোট ৫ হাজার ৮০০ সদস্যকে ২০৩০ সালের মধ্যে ইসরায়েলে স্থানান্তর করা হবে। পর্যায়ক্রমে তাদের উত্তর ইসরায়েলের গালিলি অঞ্চলে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ভারতের মিজোরাম ও মণিপুর রাজ্যে বসবাসরত এই ইহুদি সম্প্রদায়কে দীর্ঘদিন ধরে ব্নেই মেনাশে হিসেবে চিহ্নিত করা হয়। ইসরায়েলি কর্তৃপক্ষের ধারণা, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ব্যাপক ক্ষতিগ্রস্ত গালিলিতে জনবসতি পুনর্গঠনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। গত কয়েক বছরে ওই অঞ্চল থেকে অনেক বাসিন্দা নিরাপত্তাজনিত কারণে অন্যত্র চলে গেছেন।

নেতানিয়াহু বলেন, “এই জনগোষ্ঠীকে ফিরিয়ে আনা শুধু একটি মানবিক কাজই নয়, বরং এটি ইহুদি জাতির জন্য কৌশলগত সিদ্ধান্ত। এতে উত্তর ইসরায়েল আরও শক্তিশালী হবে।”

ইসরায়েলের সিদ্ধান্ত অনুযায়ী, ভারতীয় ইহুদিদের প্রথম দল—প্রায় ১ হাজার ২০০ জন—২০২৬ সালে ইসরায়েলে নেওয়া হতে পারে। এরপর ধাপে ধাপে বাকি সদস্যদের পুনর্বাসন করা হবে।

ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, এটি দেশটির জনবিন্যাস–নিরাপত্তা কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে বড় ধরনের উদ্যোগ।