ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বাবরি মসজিদ বিতর্কে বাংলাদেশের নাম! বিজেপি মন্ত্রীর বড় অভিযোগ, উত্তেজনা তুঙ্গে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৫, ০৮:১১ পিএম

বাবরি মসজিদ বিতর্কে বাংলাদেশের নাম! বিজেপি মন্ত্রীর বড় অভিযোগ, উত্তেজনা তুঙ্গে

ভারতের রাজনীতিতে আবারও সরগরম হয়ে উঠেছে বাবরি মসজিদ ইস্যু। কিন্তু এবারের আলোচনায় অপ্রত্যাশিতভাবে জড়িয়ে গেছে বাংলাদেশের নাম। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নতুন করে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেয়ার পরেই শুরু হয়েছে এই বিতর্ক।

সম্প্রতি রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির একটি বড় ঘোষণা দেন। তিনি বলেন, আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঠিক ৩৩ বছর পরই এই কাজ করা হবে বলে জানান তিনি। হুমায়ুন কবির দাবি করেন, "৬ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পুরো কাজ শেষ হতে তিন বছর লাগবে। বিভিন্ন মুসলিম নেতা এতে অংশ নেবেন।"

কিন্তু তৃণমূল কংগ্রেসেরই আরেক বিধায়ক নির্মল ঘোষ এই বক্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন। মঙ্গলবার তিনি এএনআইকে বলেন, "হুমায়ুন কবির এখন দলের সঙ্গে ঠিকভাবে যোগাযোগ রাখছেন না। তাঁর বক্তব্য দলের অবস্থান নয়। তিনি সীমা অতিক্রম করেছেন।"

বিষয়টি নিয়ে বিজেপি নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং সরাসরি অভিযোগ তোলেন, "তৃণমূল কংগ্রেস বাবরি মসজিদের নয়, বরং পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে!" তিনি আরও মন্তব্য করেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলাদেশি ও রোহিঙ্গাদের সমর্থনেই টিকে আছে। হিন্দুদের মৃতদেহের রাজনীতি বেশি দিন চলবে না।"

বিজেপি নেতা অশ্বিনী কুমার চৌবে বলেন, "বাবরের নামে এই দেশে কোনো মন্দির বা মসজিদ কখনো নির্মিত হবে না। এ ধরনের চেষ্টা সমাজকে দূষিত করার চেষ্টা মাত্র।"

অন্যদিকে, কংগ্রেস নেতা উদিত রাজ হুমায়ুন কবিরকে আংশিক সমর্থন দিয়ে বলেছেন, "যদি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা যায়, তাহলে মসজিদের কেন সমস্যা হবে? আমাদের দেশে ধর্মীয় স্বাধীনতা রয়েছে।"

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা ভারতের রাজনীতিতে এখনও একটি অতি সংবেদনশীল ইস্যু হিসেবে রয়ে গেছে।

Babri Masjid controversy, West Bengal politics, Bangladesh political issue, TMC BJP conflict, Giriraj Singh statement, Murshidabad mosque, Indian politics, Hindu Muslim tension, Ayodhya dispute, Religious politics India, Mamata Banerjee, BJP TMC fight, Mosque construction India, Political controversy, Cross border politics